ভয়াল ১২ নভেম্বর আজ
ভোলাসহ উপকূলবাসীর বিভীষিকাময় দিন আজ ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন রাতে ঘূর্ণিঝড়ে এখানকার দুই লক্ষাধিক মানুষ প্রাণ হারায়।
ঘূর্ণিঝড়ে স্বজনহারা ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া গ্রামের মো. ইউনুস (৭৫) বলেন, ‘দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাস বইতেছিল। রাত ১১টার দিকে ঝড় ছাড়ে। ১১-১২ হাত পানির তলে ডুবে যায় ভোলা। দুর্যোগে বেঁচে যাওয়া আরও কয়েকজন জানান, ভোলাসহ উপকূলের বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে যায়।
ঝড়টি উপকূলীয় ১৮টি জেলায় আঘাত হানে। ভোলার প্রবীণ সাংবাদিক প্রেক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান বলেন, ‘তৎকালীন পাকিস্তান সরকার পূর্বাভাস জানা সত্ত্বেও ঝড়ের আগে তা আমাদের জানায়নি। তাই দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি ছিল শূন্য। এ কারণে কয়েক লাখ মানুষ মারা যায়।’
দিনটি স্মরণে ভোলায় আজ আলোচনা সভা, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।