ভয়ে আঁতকে ওঠে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর হাসপাতালের গাইনি বিভাগে যন্ত্রণায় কাতরাচ্ছে এক শিশু। চেহারা ফ্যাকাসে হয়ে গেছে। মনে হয় রক্তশূন্যতায় ভুগছে। চোখমুখে আতঙ্ক। অপরিচিত পুরুষ মানুষ দেখলেই আঁতকে উঠছে সে। গত রোববার হাসপাতালে গিয়ে এ দৃশ্য দেখা যায়। ধর্ষণের শিকার হওয়ায় শিশুটির এ করুণ অবস্থা। তার বয়স মাত্র ১০ বছর। কয়েক দিন আগে সে এ হাসপাতালে ভর্তি হয়।গত শুক্রবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে শিশুটি ধর্ষণের শিকার হয়। শিশুটিকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ কালীদাস গোলদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।শিশুটির মা জানান, বিদ্যালয় বন্ধ থাকায় শুক্রবার দুপুর ১২টায় তাঁর মেয়ে এক অসুস্থ আত্মীয়কে দেখতে যায়। ফেরার পথে একই গ্রামের ফকির গোলদারের ছেলে কালীদাস গোলদার আমের গুটি পেড়ে দেওয়ার কথা বলে ছট্টু রহমানের বাগানে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে মুখ বেঁধে কালীদাস তাঁর মেয়েকে ধর্ষণ করে। বাগানে কাঠ নিতে এসে ছট্টু রহমানের স্ত্রী দেখে ফেলে চিৎকার শুরু করলে কালীদাস পালিয়ে যান। রক্তাক্ত ও অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।সাতক্ষীরা সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফারহানা হোসেন জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে চিকিৎসার পর এখন সে শঙ্কামুক্ত। রক্তশূন্যতা থাকায় তার পুষ্টিকর খাবার দরকার। কিন্তু শিশুটির মা-বাবার সামর্থ্য নেই পুষ্টিকর খাবার কিনে দেওয়ার। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, শিশুর মা ধর্ষণের অভিযোগে কালীদাস গোলদারের বিরুদ্ধে শুক্রবার মামলা করেছেন। শুক্রবারই কালীদাসকে গ্রেপ্তার করা হয়েছে।