ভয়ে আলু তুলছেন না কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে এ বছর কৃষকদের প্রতি কেজি আলুতে লোকসান হচ্ছে প্রায় তিন টাকা। পর্যাপ্ত হিমাগার না থাকায় আলু সংরক্ষণে চাষিদের মধ্যে এখন হাহাকার চলছে। আর এই সুযোগে কম দামে আলু কিনে হিমাগারে রাখছেন ফড়িয়া ও ব্যবসায়ীরা। লোকসানের ভয়ে অনেক কৃষক জমি থেকে আলু তুলছেন না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫৭ হাজার ৭৬১ হেক্টর জমিতে আলু উৎ পাদনের লক্ষ্যমাত্রা ১০ লাখ ১০ হাজার ৮১৭ মেট্রিক টন। জেলার মোট ৩০টি হিমাগারের ধারণক্ষমতা প্রায় ২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন।কৃষকেরা জানান, হিমাগারে এক বস্তা আলু রাখার ভাড়া ২৬০ টাকা থেকে বাড়িয়ে এ বছর ৩০০ টাকা করা হয়েছে। তার পরও হিমাগারে আলু রাখার স্লিপ পাওয়া কঠিন হয়ে উঠেছে। তাঁরা অভিযোগ করেন, একজন কৃষককে ২০ থেকে ৩০ বস্তার বেশি আলু রাখার স্লিপ দেওয়া হচ্ছে না। অধিকাংশ স্লিপ ফড়িয়া ও ব্যবসায়ীদের কাছে চলে গেছে। সূত্র জানায়, এ বছর এক একর জমিতে আলুর উৎ পাদন হয়েছে গড়ে ১০০ বস্তা (বস্তায় ৮৪ কেজি)। উৎ পাদন খরচ হয়েছে ৫৫ হাজার টাকা। ১০০ বস্তা আলু বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়। এতে একরপ্রতি লোকসান হচ্ছে ২৫ হাজার টাকারও বেশি। গঙ্গাচড়া উপজেলার নবনিদাস গ্রামের শাহীন মিয়া তিন একর জমিতে আলুর চাষ করেছেন। কিন্তু আলু সংরক্ষণের জন্য হিমাগারে জায়গা পাচ্ছেন না। বাজারে এখন বিক্রি করলে যে লোকসান হবে, সেই চিন্তায় তিনি দিশেহারা। গঙ্গাচড়া উপজেলার আরাজি নিয়ামত গ্রামের সৈয়দ রাসেল ঋণ নিয়ে আড়াই একর জমিতে আলুর চাষ করেছেন। উৎ পাদিত আলু তুলে লাভ তো দূরের কথা, ঋণ পরিশোধ করা নিয়েই তিনি দুশ্চিন্তায় পড়েছেন। একই গ্রামের রেজাউল করিম বলেন, ‘হিমাগারে আলু রাখার স্লিপ পাইনি। তাই জমি থেকে আলু তোলার সাহস পাচ্ছি না।’ সদর উপজেলার তামপাট ইউনিয়নের রঘু গ্রামের চাষি আবু বক্কর মিয়া বলেন, আলু বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু আলুর যে বাজার দর, তাতে করে উৎ পাদন খরচই উঠছে না। সদর উপজেলার একটি হিমাগারের মালিক আনোয়ারুল ইসলাম বলেন, ‘ধারণক্ষমতা না থাকলে আমারাই বা কীভাবে স্লিপ দিই। তবে প্রকৃত চাষিদের স্লিপ দেওয়া হয়েছে। ফড়িয়া ব্যবসায়ীদের দেওয়া হয়নি।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক হাসানুর রহমান বলেন, জমি থেকে পুরো দমে আলু উঠতে আরও দুই সপ্তাহ লাগবে। আর আলু সংরক্ষণে জেলায় আরও হিমাগার নির্মাণ করা দরকার।