ভয়ে কুঁকড়ে আছে শিশুটি
হাসপাতালের বিছানায় ঘুমের মধ্যে থেকে থেকে আঁতকে উঠছে শিশুটি। হাতের কাছে যা পায় তাই আঁকড়ে ধরে কুঁকড়ে যাচ্ছে মেয়েটি। যেন আতঙ্ক তাড়া করে ফিরছে তাকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগের বিছানায় শুয়ে নয় দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে সাত বছরের শিশুটি। অপরিচিত কাউকে দেখলেই ভয়ে কুঁকড়ে যায় সে। পাশে বসে কতক্ষণ এটা সেটা বলার পর মৃদুস্বরে শিশুটি বলল, ‘খোকা দাদায় আমারে ডেকে নিয়ে মুখ চেপে ধরে অনেক ব্যথা দিছে।’থানা পুলিশ ও শিশুটির পরিবারের সদস্যরা জানায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের চান্দের বাজার এলাকায় শিশুটির বাড়ি। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। বাড়ির পাশে ২০০ গজ দূরে নানার বাড়ি। গত ২৭ মে বিকেলে সে একা একা নানার বাড়ি যাচ্ছিল। পথে মাছ ব্যবসায়ী ওমর ফারুক ওরফে খোকা (৩৮) পুকুরপাড়ের বাঁশের ঝোপে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। প্রায় অচেতন, কাদামাখা অবস্থায় তাকে ওই ঝোপ থেকে উদ্ধার করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আবুল হোসেন বলেন, শিশুটির গোপনাঙ্গে ধর্ষণের আঘাত রয়েছে। এখন সে আগের চেয়ে অনেক ভালো। তবে ভয় না কাটায় এখনো সে ঘন ঘন প্রসাব করছে।