ভয়ে গ্রামছাড়া
দাবি করা চাঁদা নির্ধারিত সময়ে না দেওয়ায় নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুঁটিমারি গ্রামের একটি পরিবার ভয়ে গ্রামছাড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুঁটিমারি গ্রামের আলাউদ্দিন শেখের সম্পত্তি দখল করার জন্য তাঁর ভাতিজা পিলু, পিনু ও লিটন শেখের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল সম্প্রতি তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা দিতে না পারায় ওই চক্রটি গত ২১ জানুয়ারি আলাউদ্দিন শেখের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাদের ঠেকাতে গিয়ে আলাউদ্দিন শেখ ও তাঁর মা মমতাজ বেগম জখম হন। একপর্যায়ে তারা আলাউদ্দিন শেখকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।আলাউদ্দিন শেখ দাবি করেন, এ ঘটনায় তিনি মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করায় গত ১১ ফেব্রুয়ারি আদালতে আরজি পেশ করেন। আদালত বিষয়টি এজাহার হিসেবে গ্রহণের জন্য থানা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এখন ওই চক্রটি জীবননাশের হুমকি দিচ্ছে। ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে জেলা শহরের এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছি। পুলিশ আসামি গ্রেপ্তার করছে না। স্থানীয় ইউপি সদস্য ও পুঁটিমারি গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান বলেন, ‘আলাউদ্দিন শেখ দীর্ঘদিন মাগুরা জেলায় বসবাসকালে বিভিন্ন এলাকায় ডাকাতি করেছেন। বয়স হওয়ায় কিছু দিন আগে নিজের বাপ-দাদার ভিটায় বাড়ি-ঘর করে বসবাস শুরু করেন। জমিজমা নিয়ে তাঁর ভাইদের সঙ্গে মনোমালিন্যের কারণে সংঘর্ষ বাঁধে। তা ঠেকাতে গিয়ে আমিসহ গ্রামের কয়েকজন আহত হই। এখন ভয়ে ওই পরিবারটি এলাকা ছেড়ে চলে গেছে। এখানে কোনো চাঁদাবাজি কিংবা অপহরণের ঘটনা ঘটেনি।’মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, ‘জমিজমা নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারির ঘটনা ঘটে। কোনো অপহরণ কিংবা চাঁদাবাজির ঘটনা ঘটেনি।’