ভয়ে দৌড় আনসার সদস্যের, পড়ে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বছীরবাণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ রোববার সকালে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে কয়েক শ লোক। এ সময় হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে দৌড় দেন একজন আনসার সদস্য। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে মারা যান। তাঁর নাম ওয়াহেদ আলী (৩২)।

প্রত্যক্ষদর্শী, নির্বাচনী কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে কয়েক শ লোক লাঠিসোঁটা, রড, ধারালো অস্ত্র নিয়ে ওই ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, পুলিশ ও আনসারের সদস্যদের মারধর করতে থাকে হামলাকারীরা। এ সময় আনসার সদস্য আবদুল ওয়াহেদ প্রাণভয়ে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে দৌড়াতে থাকেন। মাইল খানেক দূরে ছোট যমুনা নদীর পাড়ে গিয়ে পড়ে যান তিনি। সেখানে তাঁর মৃত্যু হয়। হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউনিয়ন আনসার-ভিডিপি সূত্র ওয়াহেদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে। হামলার ঘটনার পর ওই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।

উপজেলার মমিনপুর ইউনিয়নের যশাই উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে একই কায়দায় হামলা হয়। হামলাকারীরা ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পুড়িয়ে দেয়। হামলায় নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হন। কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছে।