পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙত রাজবাড়ীর গোয়ালন্দ রেলওয়ে স্টেশন বাজার এলাকার বাসিন্দাদের। ছোট-বড় মিলিয়ে কয়েকটি গাছে বাসা বেঁধেছিল কয়েক হাজার চড়ুই ও বাবুই পাখি। কদিন ধরে সেই কিচিরমিচির শোনা যায় না আর। এলাকাবাসীর রোজকার অভ্যস্ততায় ছেদ পড়ে।খোঁজ নিয়ে জানা যায়, কয়েকজন বখাটে বনভোজন করার নামে গত সপ্তাহে শনিবার গভীর রাতে গাছে মশারি জাল পেতে রাখে। তাতে ধরা পড়ে কয়েক শ পাখি। পাখিগুলো জবাই করে ভূরিভোজ করে তারা। এতে গোয়ালন্দের সচেতন বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এমনকি সামাজিক একটি সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দাবি করে দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে। ওই ঘটনার পর থেকে রেলওয়ে স্টেশন বাজারে পাখির কলকাকলি থেমে গেছে। কেউ কেউ বলছেন, ভয়ে বাকি সব পাখি নীড় ছেড়ে পালিয়েছে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, পাখিগুলো আগে আড়তপট্টি জামে মসজিদের একটি কাঁঠাল গাছে থাকত। সেই গাছটি কেটে ফেলায় প্লাটফর্মের আম, কাঁঠালসহ বিভিন্ন গাছে আশ্রয় নেয় পাখিগুলো। আর এ নতুন আশ্রয়ই যেন কাল হলো তাদের। ধরা পড়ল শিকারিদের পাতা ফাঁদে। গোয়ালন্দের সামাজিক সংগঠন ‘জাগরণে একজ’ পাখি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক পোস্টার সেঁটে দিয়েছে। জাগরণে একজের আহ্বায়ক সুজন সরওয়ার বলেন, ‘রেলওয়ে প্লাটফর্মসংলগ্ন এলাকায় আমার বাড়ি। সকাল-বিকেল হাজার হাজার চড়ুই ও বাবুই পাখির কিচিরমিচিরে এলাকায় অন্য ধরনের পরিবেশ তৈরি হতো। কিন্তু কিছু মাদকসেবী প্লাটফর্মের পেছনে বাজে আড্ডা দেয়। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। শনিবার রাতভর কয়েক শ চড়ুই ও বাবুই মশারির জালের ফাঁদে আটকে বনভোজন করে তারা। এদের শাস্তি হওয়া উচিত।’ রেলওয়ে স্টেশনে কর্মরত কুলি মো. জামাল মোল্যা (৬৫) বলেন, ‘রোজ এহানে হাজার হাজার চড়ুই, বাবুই পাখির শব্দে কান ভারি হয়ে যেত। মাঝেমধ্যি মনে হতো পাখির ঘরের মধ্যি আমরা থাকছি। আইজ কয়দিন ধইরা কোনো পাখির শব্দ পাই না। এহন মনটা খুবই খারাপ লাগে।’ উপজেলা ফরেস্টার আবু বক্কর ছিদ্দিক বলেন, বন্য প্রাণী হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।