ভয়ে বিদ্যালয়ে যাচ্ছে না ছাত্রীটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুরে এক ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এক তরুণের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করেছে। এতে ওই তরুণ তাকে অপহরণ করার হুমকি দেন। এখন ভয়ে ওই ছাত্রী পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাচ্ছে না।
অভিযুক্ত তরুণের নাম আরিফ শেখ (২০)। তিনি নাজিরপুর সদর ইউনিয়নের বাসিন্দা।
ওই ছাত্রীর পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, আরিফ ওই ছাত্রীকে অনেক দিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করছেন। গত বৃহস্পতিবার ছাত্রীর বাবা তাঁর মেয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আরিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না বলে জানিয়ে তাঁকে (ছাত্রীর বাবাকে) ইউএনওর কাছে অভিযোগ করার পরামর্শ দেন।
গত রোববার সকালে মেয়েটির বাবা ইউএনওর কাছে আরিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ খবর আরিফ জানতে পারেন। ওই দিন বিকেলেই আরিফ আবার ওই ছাত্রীকে তুলে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার পর ভয়ে ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।
মেয়েটির বাবা বলেন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ করায় বিদ্যালয় থেকে ফেরার পথে আরিফ তাঁর মেয়েকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তুলে নেওয়ার হুমকি দেন। ভয়ে তাঁর মেয়ে গতকাল সোমবার অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নেয়নি। তিনি অভিযোগ করেন, আরিফের বাবাকে বিষয়টি জানানোর পর তিনি ছেলেকে শাসন না করে উল্টো তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল সোমবার বিকেলে বলেন, ওই ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি। আরিফ শেখ তাঁদের বিদ্যালয়ের ছাত্র না হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ কারণে তিনি ইউএনওর কাছে অভিযোগ করতে বলেছেন।
এ ব্যাপারে আরিফ শেখের মুঠোফোনে যোগাযোগ করে সাংবাদিকের পরিচয় দিলে তিনি সংযোগটি কেটে দেন। তার বাবার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
ইউএনও মো. তবিবুর রহমান বলেন, আরিফকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।