ভয়ে ভয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই যুগের পুরোনো জরাজীর্ণ ভবনটিতে ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। গত রোববার নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম আলো
দুই যুগের পুরোনো জরাজীর্ণ ভবনটিতে ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। গত রোববার নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম আলো

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সালমা চৌধুরী ও ইয়াকুব আলী। গত বর্ষায় তৃতীয় শ্রেণিতে পড়ার সময় শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হয়েছিল তারা। এরপর থেকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে পাঠ নেওয়ার সময় মনের ভেতরে আতঙ্ক কাজ করে তাদের।

শুধু শিক্ষার্থী সালমা ও ইয়াকুবই নয়, শ্রেণিকক্ষ নিয়ে এই ভয় কাজ করছে বিদ্যালয়টির বাকি শিক্ষার্থী ও শিক্ষকদের মনেও। জরাজীর্ণ বিদ্যালয় ভবনটিই তাদের আতঙ্কের কারণ। বিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, সাত-আট বছর ধরেই ভবন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৯৯৪ সালে বিদ্যালয়ের দোতলা ভবনটি নির্মাণ করা হয়। ভবনটিতে তিনটি শ্রেণিকক্ষ রয়েছে। এই কক্ষগুলোতে দুই পালায় প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির পাঠদান চলে। পঞ্চম শ্রেণির শিক্ষা কার্যক্রম চলে বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষে। দুকক্ষের একতলা নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে ২০১৫ সালে।

গত রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দোতলা বিদ্যালয় ভবনের তিনটি কক্ষই জরাজীর্ণ। প্রতিটি কক্ষের ছাদে ফাটল ধরেছে। কিছু জায়গা থেকে পলেস্তারা খসে পড়েছে, কিছু জায়গায় খসে পড়ার উপক্রম হয়েছে। খসে পড়া অংশ কোনো মতে সংস্কার করে ঢেকে দেওয়া হয়েছে। দরজা-জানালাগুলোও ভাঙাচোরা।

তৃতীয় শ্রেণিতে পাঠ দান দিচ্ছিলেন বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা ছাবিনা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, শ্রেণিকক্ষের অবস্থা এতটাই নাজুক যে বসে পাঠদান করতেও তাঁদের ভয় লাগে। গত বছর ছাদের পলেস্তারা খসে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় তিনি শ্রেণিকক্ষে ছিলেন। এতে তাঁর ভয়টা অনেক বেশি। বড় দুর্ঘটনার আগে ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ খুবই জরুরি বলে মনে করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা বেগম প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করার জন্য তিনি ইতিমধ্যে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে আবেদন করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী ও উপজেলা শিক্ষা কর্মকর্তাও সরেজমিন এসে ভবনের দুরবস্থা প্রত্যক্ষ করেছেন। তাঁরা প্রত্যেকেই নতুন ভবন নির্মাণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু আজও ভবন নির্মাণ করা হয়নি।

শামীম আরা বেগম আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন ভবনও নির্মাণের উদ্যোগ নেয়নি। আবার জরাজীর্ণ ভবনটিকেও পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। এ কারণে বাধ্য হয়ে জরাজীর্ণ ভবনেই তিনটি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন শেখ প্রথম আলোকে বলেন, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের অবস্থা খুবই খারাপ। তিনি নিজেও বিষয়টি সরেজমিনে দেখে এসেছেন। নতুন ভবন নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদনের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যাবে। তবে কবে নাগাদ নতুন ভবন হবে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদ্যালয় ভবনটি সরেজমিনে পরিদর্শন করে তিনি তা ব্যবহার অনুপযোগী বলে প্রধান শিক্ষককে বলে এসেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তাও তা জানেন। নতুন ভবন নির্মাণের বিষয়ে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের নাম তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে দরপত্র আহ্বানসহ অন্যান্য প্রক্রিয়া শুরু হবে।