ভয়ে মাঠে নেই বিএনপির প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (এরশাদ) তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী জোরেশোরে প্রচারণা চালালেও বিএনপির প্রার্থী ভয়ে প্রচারণা থেকে দূরে রয়েছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ার হোসেন আকন, বিএনপির প্রার্থী মল্লিক মোহাম্মদ আইউব ও জাতীয় পার্টির আবুল কালাম আজাদ মল্লিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ১১ হাজার ৪২১।

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে প্রচারণা শুরু হয়েছে। শুরু থেকেই আনোয়ার হোসেন ও আবুল কালাম আজাদ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন। মল্লিক মোহাম্মদ আইউব প্রচারণার প্রথম দিন শহরের কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন। ওই সময় নৌকার সমর্থকেরা তাঁকে বাধা দেন। তাঁর পাঁচজন কর্মী-সমর্থক নৌকার সমর্থকদের হামলার শিকার হন। এ ঘটনার পর থেকে তিনি ভীত হয়ে পড়েছেন। ওই বাধার পর থেকে তাঁর আর কোনো নির্বাচনী কার্যক্রম চোখে পড়ছে না। তিনি বাসভবনে অলস সময় কাটাচ্ছেন। তবে প্রচারণায় বাধা দেওয়ায় মল্লিক মোহাম্মদ আইউব পাথরঘাটায় তাঁর নিজ বাসভবন ও বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা বলেন, প্রার্থী নিজেই আগ্রহ হারিয়ে ফেলেছেন। নির্বাচনে সব বাধা দূর করে কৌশলী হয়ে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণা চালিয়ে যেতে হয়। কিন্তু প্রার্থী নিজেই ভীত হয়ে পড়েছেন। এ কারণে তেমন প্রচারণা চলছে না।

বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যক্রম না থাকা প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, ‘আমরা দলীয় প্রার্থীর পক্ষে সভা ডেকে মাঠে নেমেছিলাম। প্রার্থীর উপস্থিতিতে গণসংযোগে বাধা দেওয়ার পর নির্বাচনী কার্যক্রমে ভাটা পড়েছে।’ এ প্রসঙ্গে মল্লিক মোহাম্মদ আইউব বলেন, ‘আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের বাধা ও মাইক ভাঙচুর করে নির্বাচনী মাঠ থেকে তাঁদের সরানোর চেষ্টা করা হচ্ছে। মাঠে নির্বাচনী কার্যক্রমে না থাকলেও প্রার্থী হিসেবে শেষ দিন পর্যন্ত লড়াই করে যাব।’ তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হুমকিতে তিনি কিছুটা ভীত বলে স্বীকার করেন।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন গতকাল শনিবার শহরের বিষখালী নদীসংলগ্ন ৭ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান। আনোয়ার হোসেন বলেন, বিএনপির প্রার্থী মাঠে না এসে পাঁচতলায় বসে মিডিয়ায় একের পর এক অভিযোগ করছেন। তিনি বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকেও দূরে রয়েছেন। তবে বিএনপির প্রার্থীকে তাঁর সমর্থকদের হুমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

জাতীয় পার্টির প্রার্থী আবুল কালাম আজাদও প্রতিদিন নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন। গতকাল শহরের জিয়া মাঠ, ওয়াপদা কলোনি ও ঈমান আলী সড়কে তিনি প্রচারণা চালান। আবুল কালাম আজাদ মল্লিক বলেন, ‘প্রচারণার প্রথম দিন থেকেই নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছি।’