ভয়ে মাঠে যেতে পারছেন না কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে স্থানীয় একটি বাহিনী এক কৃষকের কাছ থেকে ২৯ বিঘা জমির ধানখেতে লাল পতাকা উড়িয়ে দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভয়ে ওই কৃষক জমিতে সেচ দিতে পারছেন না। ফলে উঠতি ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের কৈগাতী গ্রামের নুরুন্নবী তালুকদার তাঁর নিজের ২৯ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন। প্রতিবছর ওই জমি চাষাবাদ করতে স্থানীয় সংঘবদ্ধ একটি চক্রকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। চলতি মৌসুমে বোরো ধান চাষ করার পর চক্রটি নুরুন্নবীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু নুরুন্নবী এবার চাঁদা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ১১ এপ্রিল সকাল সাড়ে আটটায় ওই খেতে অর্ধশত খুঁটি পুঁতে লাল পতাকা উড়িয়ে দেয়। নষ্ট করে ফেলে প্রায় ৭১ শতক জমির কাঁচা ধান। প্রতিবাদ করলে ওই বাহিনীর লোকজন নুরুন্নবীর ভাগনে খোকনকে মারধর করে। ১২ এপ্রিল নুরুন্নবী নাগেশ্বরগাতী গ্রামের ইসমাইল হোসেনকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।