রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে করপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুল হকের বালু উত্তোলনের ফলে দিঘির পাড়ের চার শতাধিক মানুষের বর্তমানে আতঙ্কে দিন কাটছে। গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফতেহপুর দিঘি থেকে একটি ড্রেজার মেশিন দিয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের নেতৃত্বে বালু উত্তোলন চলছে। উত্তোলন করা বালু ট্রাকে করে নিয়ে পশ্চিম করপাড়ার মোহামঞ্চদ হানিফের ডোবা জমি ভরাট করা হচ্ছে। ২০১০ সালে মো. মুজিবুল হক দিঘিটি উপজেলা পরিষদ থেকে ইজারা এনে মাছ চাষ করেন। বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে স্থানীয় অনেকে অভিযোগ করেন। গত মে মাস থেকে তিনি পাঁচটি ড্রেজার মেশিন বসিয়ে ওই দিঘি থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এর সঙ্গে জড়িত রয়েছে যুবলীগ কর্মী বেলাল, মো. রফিক ও মোবারক হোসেনসহ আরও অনেকে। ইউপি চেয়ারম্যান শাহ জকি উচ্চবিদ্যালয়ের মাঠ ভরাটের কথা বলে বালু উত্তোলনের কাজ শুরু করেন। বালু বহনকারী কোহিনুর পরিবহনের ট্রাক চালক মো. জাকির জানান, বালু বিক্রির জন্য পাঁচ-ছয়টি গাড়ি রয়েছে। দিঘির পূর্ব পাড়ের নুর নাহার বেগম জানান, বালু উত্তোলনের ফলে তাঁর গাছপালা দিঘিতে পড়ে গেছে। ভয়ে প্রতিবাদ করছেন না। একইভাবে জোসনা বেগম জানান, তাঁর ছেলে বালু উত্তোলনের প্রতিবাদ করায় মজিবের লোকেরা তার হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়। দিঘির দক্ষিণ পাড়ের আবুল হাসেম জানান, স্থানীয় চেয়ারম্যানের বালু উত্তোলনের ফলে দিঘির চার পাড়ের প্রায় ৪০০ মানুষের বর্তমানে আতঙ্কে দিন কাটছে। চেয়ারম্যান সরকারদলীয় ও প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলছে না।এদিকে শাহ জকি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দাস গুপ্ত জানান, গত পাঁচ মাস ধরে তাঁদের স্কুলমাঠে থেমে থেমে বালু ফেলা হচ্ছে। এ পর্যন্ত শতাধিক গাড়ি বালু আনা হয়েছে। অভিযোগের ব্যাপারে মো. মুুজিবুল হক জানান, তিনি ২০১০ সালে উপজেলা পরিষদ থেকে দিঘিটি ইজারা নিয়েছেন। শাহ জকি উচ্চবিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য কিছু টাকার প্রয়োজন। তাই তিনি ফতেহপুর দিঘি থেকে বালু উত্তোলন করে ওই টাকায় জোগান দিচ্ছেন। রামগঞ্জ থানার ওসি আ ক ম মঞ্জুরুল হক আকন্দ বলেন, ‘করপাড়া ইউপি সহকারী ভূমি কর্মকর্তা মো. নুরুল হক অবৈধ বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ করেছেন। আমরা তিন মাস আগে তা বন্ধ করে দিয়েছি।’উপজেলা সাবেক ইউএনও মাসুদ আলম সিদ্দিকী জানান, চেয়ারম্যান মো. মুজিবুল হক অবৈধভাবে বালু উত্তোলন করায় স্থানীয় সহকারী ভূমি কর্মকর্তা মো. নুরুল হক রামগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন।