ভয়ে রংপুর ছেড়েছেন প্রকৌশলী
রংপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি কাজ শেষ হওয়ার আগেই পুরো বিল না দেওয়ায় সন্ত্রাসীরা পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম শহীদুল ইসলামের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার পর তিনি ভয়ে রংপুর ছেড়ে চলে গেছেন।প্রকৌশলী শহীদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, বুধবার দুপুরে কয়েকজন সন্ত্রাসী শহরের আলমনগর এলাকায় তাঁর কার্যালয়ে ঢুকে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে পাউবোর একটি সেচ খালের মাটি কাটা কাজের পুরো বিল দেওয়ার জন্য তাঁকে চাপ দেয়। ৪৬ লাখ টাকায় দুই কিলোমিটারের ওই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাশেদ হাসান অ্যান্ড সাঈদ ব্রাদার্স। ওই কাজের মাত্র ৬২ শতাংশ শেষ হয়েছে এবং প্রতিষ্ঠানটি এরই মধ্যে ৪০ শতাংশ টাকা তুলে নিয়েছে। প্রকৌশলী পুরো বিল দিতে অপারগতা জানালে তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়।শহীদুল ইসলাম আরও জানান, ওই দিন কাজ শেষ করে রাত আটটার দিকে তিনি বাসায় ফিরছিলেন। কার্যালয় থেকে প্রধান ফটকের বাইরে বের হওয়ামাত্র একদল সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে। গাড়ি থামিয়ে পাশের গ্লাস খুলতেই সন্ত্রাসীরা তাঁকে গালাগাল শুরু করে। গাড়ির ভেতর থেকে তিনি বিষয়টি জানতে চাইলে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে আঘাত করে। তিনি দ্রুত গ্লাস বন্ধ করে দেওয়ায় আঘাতটি তাঁর শরীরে না লেগে গ্লাসে লেগে তা ভেঙে যায়।প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘সেখানে আমার জীবনের নিরাপত্তা নেই। ঘটনার পর সরাসরি থানায় গিয়ে মামলা করে ঢাকায় চলে এসেছি।’ রংপুর সদর থানার ওসি হায়দার আলী মোল্লা জানান, প্রকৌশলী শহীদুল ইসলাম তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন। অভিযুক্তরা হলেন আপেল, মামুন ও যাদু। তাঁদের বাড়ি পাউবো কার্যালয়ের পাশে বাবুপাড়া ও রবার্টসনগঞ্জ পাড়ায়। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ঠিকাদারি প্রতিষ্ঠান রাশেদ হাসান অ্যান্ড সাঈদ ব্রাদার্সের মালিক শার্দুল রহমান বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নামে এই কাজের দরপত্র হলেও কাজটি করছে অন্য একজন। কাজেই হামলা বা বিল তোলার বিষয়ে আমি কিছু জানি না।’