ভয়ে সিঁটিয়ে আছে সবাই বাচ্চারা যাচ্ছে না স্কুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্র হারুনকে অপহরণ করে তার দুটি কিডনি কেটে নেওয়ার পর থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অভিভাবকেরা তাঁদের শিশুসন্তানদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। ভয়ে অনেকে ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না।
উপজেলার উধুনিয়া ইউনিয়নের তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা সুলতানা জানান, স্থানীয় অভিভাবকেরা স্কুলে এসে তাঁদের সন্তানদের নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। কয়েক দিন ধরে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কমে গেছে। তবে তাঁরা সতর্ক আছেন। শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, তেবাড়িয়া গ্রামের দু-চারজন লোক রাস্তায় চলাফেরা করলেও শিশুদের তেমন দেখা যায়নি। গ্রামের দেলোয়ার হোসেন ও আবুল হোসেন বলেন, ‘হারুনের কিডনি কেটে নেওয়ার ঘটনার পর এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। এ ঘটনার পর থেকে আমরাও সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ রেখিছি। আশপাশের তরফভায়রা, বাগমারা, চয়ড়া ও উধুনিয়া গ্রামেও একই অবস্থার সৃষ্টি হয়েছে।’
গতকাল হারুনের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। হারুনের বাবা আবদুল হান্নান বলেন, ‘কী অপরাধ করেছিল আমার সন্তান? তাকে হত্যা করে কিডনি নিতে হবে? আমাকে বললে আমার কিডনি দিয়ে দিতাম। আমার ছেলেটা বেঁচে থাকত।’
এদিকে গত বৃহস্পতিবার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ শামীম আলম তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বস্তরের মানুষকে নিয়ে এক সমাবেশ করেন। সমাবেশে ইউএনও বলেন, এই ইউনিয়নে বিশেষ গোয়েন্দা সংস্থার নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া এলাকার শিশুরা যাতে নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে, এ বিষয়ে প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
গত ২২ এপ্রিল উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের কৃষক আবদুল হান্নানের ছয় বছর বয়সী ছেলে হারুনকে অপহরণ করে অপহরণকারীরা তার দুটি কিডনি কেটে নেয়। এতে তার মৃত্যু হয়। হারুন তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, এ ঘটনার প্রধান পরিকল্পনাকারী উপজেলার তরফভায়রা গ্রামের জাহাঙ্গীর হোসেন ওরফে চাঁদকে গতকাল শুক্রবার ভোরে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া একই গ্রামের খলিল মিয়া পুলিশের কাছে ও সিরাজগঞ্জ আদালতে কিডনি কেটে নেওয়ার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।