ভয়ে স্কুলে যাওয়া বন্ধ দুই ছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত দুই প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন দুই ব্যক্তি। তাঁদের একজনকে লাঞ্ছিত করা হয়েছে। তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে লাঞ্ছিত করার হুমকির অভিযোগ পাওয়া গেছে। আরেকজনের স্কুলপড়ুয়া মেয়ের ওপর বিজয়ী প্রার্থীর সমর্থক মোটরসাইকেল উঠিয়ে দেন। ভয়ে বিদ্যালয়ে যাচ্ছে না দুই ছাত্রী।
চণ্ডীপাশা ইউপির মো. হাফিজুল্লা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তিনি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. শাহাব উদ্দিন ভূঁইয়ার পক্ষে কাজ করেন। ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের পরদিন দুপুরে তিনি স্থানীয় বাঁশহাটি বাজারে যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার কয়েকজন সমর্থক তাঁকে ধরে মারধর করেন। তাঁর পরনের লুঙ্গি ও জামা ছিঁড়ে ফেলেন। এ সময় তাঁর মেয়েকেও বিদ্যালয়ে যাওয়ার পথে লাঞ্ছিত করা হবে বলে হামলাকারীরা হুমকি দেন। এই প্রেক্ষাপটে তিনি তাঁর মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে সাহস পাচ্ছেন না। তিনি মেয়েকে অন্য বিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছেন।
মুঠোফোনে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘মেয়েটির বাবা তাঁর কাছে এসেছিলেন। মেয়েটি মেধাবী। তাকে এভাবে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া ঠিক হবে না বলে তাঁকে জানিয়েছি।’
আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান এমদাদুল হক বলেন, ‘আমার কোনো সমর্থক এ ধরনের কাজ করতে পারে না। এ ধরনের কোনো অভিযোগও আমার কাছে কেউ করেননি।’
অন্য ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউপিতে। সেখানে মো. আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী কাদির আহাম্মদ ভূঁইয়ার পোলিং এজেন্ট ছিলেন। আনোয়ার অভিযোগ করেন, জাপা প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী মো. হাবিবুর রহমানের এজেন্ট মো. পাঞ্জু মৃধা তাঁর প্রতি ক্ষুব্ধ হন। এর জেরে গত মঙ্গলবার বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁর মেয়ের ওপর পেছন থেকে মোটরসাইকেল উঠিয়ে দেন পাঞ্জু। এ ঘটনার পর থেকে ভয়ে মেয়েটি আর বিদ্যালয়ে যাচ্ছে না।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ছাত্রীর ভাই মুঠোফোনে এ ঘটনাটি আমাকে জানিয়েছে। ছাত্রীর ভাইকে লিখিত অভিযোগ দিতে বলেছি।’
জানতে চাইলে পাঞ্জু মৃধা বলেন, ‘গ্রামীণ সড়ক পার হওয়ার সময় কারও শরীরে একটু-আধটু লেগে যেতে পারে। তবে আমি ওই মেয়েকে চিনি না।’
সোহাগী ইউপির নির্বাচিত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ মিথ্যা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম বলেন, ‘জয়ী ও পরাজিত উভয় পক্ষকে সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়ে আসছি। এর পরও দুটি মেয়ে ভয়ে স্কুলে যেতে পারছে না, এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’