ভয়ে স্কুলে যাচ্ছে না ৪০০ শিক্ষার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের স্কুলগুলোতে প্রথম সাময়িক পরীক্ষা চলছে। কিন্তু রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট উচ্চবিদ্যালয়ে পরীক্ষা তো দূরের কথা, পড়াশোনার বালাই নেই। বছরের চার মাস শেষ হতে চললেও বিদ্যালয়টি এখনো বন্ধ। এতে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়ছে। বই না থাকা ও ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হতে পারছে না। অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঘাইহাটের সহিংস ঘটনার দুই মাস পেরোলেও আদিবাসী-বাঙালিদের মধ্যে দূরত্ব-অবিশ্বাস এখনো ঘুচেনি। এখনো নানাভাবে আদিবাসীদের হুমকি দেওয়া হচ্ছে বলে গঙ্গারামমুখের অজিত চাকমা অভিযোগ করেছেন। গত ২৪ জানুয়ারি একদল বাঙালি বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষক ও ২৮ শিক্ষার্থীকে জিম্মি করে রাখে। পরে ১৯ ও ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দূরত্ব বেড়ে যায়। তার পর থেকে বিদ্যালয়টি বন্ধ রয়েছে। আদিবাসী অভিভাবকেরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ছেলেমেয়েদের ওই বিদ্যালয়ে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, গত ২৩ মার্চ প্রথম আলোতে ‘আবার স্কুলে যেতে চায় ওরা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কাচালং ওয়েলফেয়ার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে। বাঘাইহাট উচ্চবিদ্যালয় ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৭০ হাজার টাকার শিক্ষা উপকরণ বিতরণ করে। কাচালং ওয়েলফেয়ারের কর্মকর্তা রাজেশ চাকমা জানান, গত ২০ ফেব্রুয়ারি আদিবাসীদের বাড়িতে লাগানো আগুনে ঘরের আর সব জিনিসপত্রের মতো শিক্ষার্থীদের বইপত্রও পুড়ে ছাই হয়ে যায়। শিক্ষার্থীদের হাতে এখনো বই পৌঁছেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় মোট ১৭টি বিদ্যালয় রয়েছে। বাঘাইহাট উচ্চবিদ্যালয় ছাড়া সব বিদ্যালয়ে পরীক্ষা চলছে। বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের জন্য একটি তালিকা পেয়েছেন বলে জানান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউসার। তিনি আরও জানান, শিক্ষার্থীদের বই দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসকের কাছে তালিকা পাঠানো হয়েছে। তালিকা পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিভাবক জিতেন চাকমা বলেন, ‘বিদ্যালয়ে কোনো নিরাপত্তা নেই। বাঙালিরা প্রথমে আমাদের ছেলেমেয়েদের জিম্মি করে রাখে। পরে বেশ কয়েকবার ধাওয়া করে। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত সন্তানদের বিদ্যালয়ে পাঠাব না।’ নবম শ্রেণীর শিক্ষার্থী নয়ন কান্তি চাকমা ও অমল সেন চাকমা জানায়, আমরা এখনো বইপত্র পাইনি। আগুনে আমাদের সব বই পুড়ে গেছে। গত দুই মাস ধরে বিদ্যালয়ে যেতে পারছি না। প্রধান শিক্ষক শাক্য বোধি চাকমা জানান, কোনো আদিবাসী শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না। পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। বাঘাইছড়ির ইউএনও বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের নিয়ে বসব। শিগগির বিদ্যালয় চালু করার উদ্যোগ নেওয়া হবে। তবে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতা জরুরি।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘আমি ইতিমধ্যে অভিভাবক ও প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেছি। কয়েক দিন পর তাঁদের নিয়ে আবার বৈঠকে বসব। সম্প্রতি সহিংস ঘটনা ঘটে যাওয়ার পর আদিবাসী-বাঙালিদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে।’