ম খা আলমগীরের দণ্ড বাতিলের হাইকোর্টের রায় বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রইল।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গতকাল রোববার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।বিশেষ জজ আদালতের দেওয়া দণ্ডাদেশ বাতিল করে মহীউদ্দীন খান আলমগীরকে বেকসুর খালাস দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশে বলা হয়েছিল, দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়েরের আগে সম্পদের হিসাব চেয়ে যে নোটিশ দিয়েছিল, তা অবৈধ ও বেআইনি।যোগাযোগ করা হলে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, মহীউদ্দীন খান আলমগীরের ক্ষেত্রে দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এ আদেশ দুদকের শতাধিক মামলার ওপর প্রভাব ফেলবে।তিন কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ দুদক মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে মামলা করে। ওই বছরই ঢাকার বিশেষ জজ আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন। এরপর আওয়ামী লীগের এই সাংসদ আপিল করলে ২০০৯ সালের ১৩ জুলাই হাইকোর্টের রায়ে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণীসহ বিভিন্ন অভিযোগে দুদকের ৫০৯টি মামলা উচ্চ আদালতে স্থগিত হয়ে আছে। ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুদকের চেয়ারম্যান ও সদস্য ছিল না। ওই সময় সংস্থার সচিব সম্পদের বিবরণী চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেন। সূত্রমতে, ওই সময়ে দেওয়া নোটিশের সংখ্যা ৫০টি। এর মধ্যে প্রায় ৩৫ জনের ক্ষেত্রে নোটিশের ভিত্তিতে করা মামলায় সাজার রায় হয়। ফলে এসব মামলার একই পরিণতি হতে পারে বলে আইনজীবীরা মনে করছেন।তবে আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লার মামলায় আপিল বিভাগ ইতিপূর্বে তাঁর আপিল খারিজ করে দেন। দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান এ ব্যাপারে বলেন, এর ফলে কিছুটা বৈসাদৃশ্য দেখা দিতে পারে। এ ক্ষেত্রে আবার আপিল বিভাগের ব্যাখ্যার প্রয়োজন হতে পারে। কারণ হাবিবুর রহমান মোল্লার ক্ষেত্রে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে দুদকের মামলা দায়েরের পদ্ধতি বৈধ বলে রায় দিয়েছিলেন।