মংক্যচিং চাকের মৃত্যুতে শোকের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বসবাসরত চাক আদিবাসী জনগোষ্ঠীর নেতা মংক্যচিং চাক গত শনিবার রাতে মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভার সিরোসিসে ভুগছিলেন।
প্রয়াত মংক্যচিং চাক দুই হাজার ৩১২ জন চাক জনসংখ্যার মধ্যে একমাত্র ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ (নাইক্ষ্যংছড়ি সদর ইউপি) চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সংখ্যাক্ষুদ্র চাকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মংক্যচিং কয়েক বছর আগে প্রথম জন্ডিসে আক্রান্ত হন। স্থানীয়ভাবে ও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরও তিনি সুস্থ হয়ে ওঠেননি। পরে জন্ডিস থেকে লিভার সিরোসিসে আক্রান্ত হন। সম্প্রতি অবস্থা বেশি খারাপ হওয়ায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান।