সাজা শেষে দেশে ফিরলেন ৩২ জন
দুই বছর আগে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারে আটক হওয়া ১৭ জন রোহিঙ্গা ও ১৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। আজ মঙ্গলবার মিয়ানমারের মংডু শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিপির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। সেখানে তাঁদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
বৈঠকে অংশ নিতে আজ সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদল টেকনাফ সদর বিওপির (চৌকির) জেটি দিয়ে মিয়ানমারের মংডু শহরের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিজিবির টেকনাফ সদর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জাকারিয়া। বৈঠক শেষে দলটি বেলা পৌনে একটার দিকে টেকনাফে ফেরত আসে। এরপর ওই ৩২ জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ফেরত আসা বন্দীদের তালিকা থেকে জানা যায়, এর মধ্যে ১৭ জন রোহিঙ্গা নাগরিক। তাঁরা উখিয়ার কুতুপালং ও টেকনাফ নয়াপাড়া শরণার্থী শিবিরের বাসিন্দা। এ ছাড়া রয়েছেন টেকনাফ উপজেলার নয়জন, মহেশখালীর দুজন, চকরিয়ার একজন ও কক্সবাজার সদরের তিনজন।
ফেরত আসা কয়েকজন এই প্রতিনিধিকে জানান, প্রায় দুই বছর আগে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেল এলাকার দালাল সাঈদ কামাল মালয়েশিয়া পাঠানোর কথা বলে তাঁদের ৮৮ জনকে একটি ট্রলারে তুলে দেন। ট্রলারটি মিয়ানমার সীমান্তে গিয়ে বিকল হয়ে পড়ে। পরে মিয়ানমারের নৌবাহিনী তাঁদের আটক করে কারাগারে পাঠায়। ৮৮ জনের মধ্যে একজন বাংলাদেশি মারা গেছেন।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ বন্দীদের একটি তালিকা বিজিবির কাছে পাঠায়। বিজিবি তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় বিষয়টি যাচাই-বাছাই করে তাঁদের ফেরত আনার জন্য অনুমতি দেয়। এরই পরিপ্রেক্ষিতে আজ তাঁদের বাংলাদেশ ফেরত আনা হয়েছে।
রোহিঙ্গাদের ফেরত আনার বিষয়ে লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, যেহেতু বাংলাদেশ সরকার এখানে তাঁদের বসবাসের অনুমতি দিয়েছে, এ কারণে তাঁদের ফেরত আনা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) কামরুল আজম প্রথম আলোকে বলেন, ৩২ জনের নাগরিকত্ব যাচাইবাছাই করে তাঁদের পরিবারের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।