মংলা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ, কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনকাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মংলা নিটওয়্যার প্রাইভেট লিমিটেড নামের একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার বিক্ষোভ করেছেন। বিক্ষোভের পর কর্তৃপক্ষ মাইকিং করে কারখানা বন্ধ ঘোষণা করে।
তবে ইপিজেড কর্তৃপক্ষ বলছে, সব সমস্যার সমাধান শেষে আগামীকালের (আজ মঙ্গলবার) মধ্যেই কারখানা চালু হবে।
মংলা ইপিজেড সূত্রে জানা যায়, হংকংয়ের একটি প্রতিষ্ঠানের বিনিয়োগে ২০১১ সালে প্রতিষ্ঠিত সোয়েটার কারখানা মংলা নিটওয়্যারের শ্রমিকেরা গতকাল কাজে যোগ না দিয়ে সকাল সাড়ে আটটার দিকে বেতনকাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কারখানায় বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারণে কর্তৃপক্ষ সকালে মাইকিং করে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকেরা ইপিজেডের মূল ফটকের বাইরে গিয়ে বিক্ষোভ করতে থাকলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একাধিক শ্রমিক বলেন, ৩৭০ জন শ্রমিক এই কারখানায় কাজ করেন। কিন্তু এখানে সরকার ও বিজিএমইএর নির্ধারিত বেতনকাঠামো মানা হচ্ছে না। ছয় মাস পর চাকরি স্থায়ী করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা মানছে না। স্থায়ী শ্রমিকদের বোনাস ও ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে না। আর এসব বিষয়ে কোনো শ্রমিক অভিযোগ জানালে তাঁকে চাকরিচ্যুত করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মংলা ইপিজেডের মহাব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, ‘শ্রমিকদের দাবি অনুযায়ী আমরা কারখানার বেতনসহ অন্যান্য বিষয় পরীক্ষা করে দেখেছি যে শ্রমিকদের দাবি অন্যায্য। সরকারি ও বেপজার নিয়মানুযায়ী তাঁদের বেতনসহ সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মঙ্গলবার থেকেই কারখানা চালু হবে। নির্ধারিত বেতনকাঠামো মেনে যেসব শ্রমিক কাজ করবেন, তাঁদের দিয়েই কারখানার কাজ চলবে।