মংলা ও সেনবাগে আগুনে ৩৩টি দোকান ভস্মীভূত, আহত ৫
মংলার দিগরাজ বাজারে গত সোমবার রাতে আগুনে ২২টি দোকান পুড়ে গেছে। আহত হয়েছেন পাঁচজন। ওই রাতেই নোয়াখালীর সেনবাগ বাজারে আগুনে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও সংবাদদাতার পাঠানো খবর: মংলা (বাগেরহাট): মংলা পৌর এলাকার দিগরাজ বাজারের মুদিদোকান ‘বাণিজ্য ভান্ডার’-এ সোমবার গভীর রাতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন গোটা বাজারে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি মুদিসহ ২২টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে নৌবাহিনী ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে বাজারের নৈশপ্রহরী নিখিল, ব্যবসায়ী সুব্রত, কাওসার, পলাশ ও বিশ্বজিত্ আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন, আগুনে তাঁদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ বাজারে গত সোমবার রাত পৌনে একটার দিকে ভাই ভাই সাইকেল মার্ট নামে রিকশার যন্ত্রাংশের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে সাতটি দোকান সম্পূর্ণরূপে এবং চারটি দোকান আংশিকভাবে ভস্মীভূত হয়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মাইজদী, চৌমুহনী ও কোম্পানীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আক্তার দাবি করেন, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।