মংলা-ঘষিয়াখালী চ্যানেল জুনের আগেই খনন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ মন্ত্রী আনিসুর রহমান মাহমুদ বলেছেন, বাগেরহাটে ১৬৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ৩৪/২ পোল্ডার প্রকল্পের বেড়িবাঁধ ও রেগুলেটর নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে। নতুন করে সমীক্ষা শেষে এই নির্মাণকাজের বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে ওই পোল্ডার প্রকল্পের আওতায় সেখানে নদী ও খাল পুনর্খননের কাজ চলবে।
গত রোববার দুপুরে রামপাল থেকে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের প্রায় আট কিলোমিটার এলাকা পরিদর্শন শেষে কালীগঞ্জ খেয়াঘাটে সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, আগামী জুন মাসের আগেই মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলের খননকাজ শেষ করা সম্ভব হবে।
শাজাহান খান বলেন, পোল্ডারব্যবস্থার সুফল ও কুফল দুটিই আছে। যথাযথ সংরক্ষণমূলক খননকাজ ও পোল্ডার ব্যবস্থাপনা করা না গেলে পোল্ডারব্যবস্থার কুফল দ্রুত দেখা যায়। ৩৪/২ পোল্ডারের আওতাধীন এই এলাকা ভারত-বাংলাদেশ নৌবাণিজ্য প্রটোকলভুক্ত দেশের একমাত্র নৌপথ মংলা-ঘষিয়াখালী চ্যানেলসংলগ্ন। তা ছাড়া এটি এখন মংলা সমুদ্রবন্দরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে নৌযোগাযোগের একমাত্র পথ। তাই এটি স্পর্শকাতর। এখানে পোল্ডার নির্মাণের কাজ বাস্তবায়নে আরও কিছু সময় নেওয়া প্রয়োজন। এ জন্য দ্রুত নতুন করে একটি সমীক্ষা করা হবে।
মন্ত্রী আরও বলেন, নদী রক্ষা এখন আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। গঙ্গা-ব্রক্ষ্মপুত্র-মেঘনা অববাহিকায় প্রতিবছর দেড় বিলিয়ন টন পলি জমে। আমাদের তহবিল সীমিত। এ বছর আমাদের মোট বরাদ্দ মাত্র ৩৭০ কোটি টাকা। এই টাকা দিয়েই আমাদের সারা দেশের নদী ব্যবস্থাপনা ও বাঁধের কাজ করতে হবে। পরিবেশ ও সুন্দরবন সুরক্ষার জন্য শ্যালা নদীপথে বাণিজ্যিক নৌচলাচল বন্ধ করতে হবে। তাই যেকোনো মূল্যে মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলটি চলাচলের উপযোগী করে রাখতে হবে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে নিয়ে আনিসুর রহমান মাহমুদ গত রোববার সকালে মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলের খননকাজ এবং বাস্তবায়নাধীন ৩৪/২ পোল্ডারভুক্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফেরার পথে তাঁরা যৌথভাবে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের রামপাল উপজেলাধীন কালীগঞ্জ খেয়াঘাটে সংবাদ ব্রিফিং করেন। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান চ্যানেলের কাজের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক, খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া।