মংলা-ঘষিয়াখালী চ্যানেল দ্রুত খননের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি দ্রুত খনন করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠন। বাগেরহাটের রামপালে গতকাল রোববার বিকেলে এই মানববন্ধন হয়।
৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নৌপথ দ্রুত খনন করে চালুর নির্দেশ দেন।
রামপাল সদরের থানা ঘাট এলাকায় মৃতপ্রায় কুমারখালী নদীর সামনে এই মানববন্ধন হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), মংলা-ঘষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটি, উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, সার্বিক মানব উন্নয়ন সংগঠন কারিতাস, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি ও বিকল্পধারা বাংলাদেশ এর আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মংলা-ঘষিয়াখালী চ্যানেলের ২২ কিলোমিটার অংশে অন্তত ৫০টি শাখা খাল রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালীরা এসব খাল দখল করে আটকে রেখে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ করে আসছে। এ কারণে নৌপথটিতে পানির গতি কমে এসেছে। দ্রুত নদী ভরাট হয়ে যাচ্ছে।