মংলা-ঘষিয়াখালী চ্যানেল ফের খনন শুরু
মংলা বন্দরের সঙ্গে দেশের অধিকাংশ জেলার নৌ যোগাযোগের একমাত্র পথ মংলা-ঘষিয়াখালী নৌপথের নাব্যতা সংরক্ষণে খননকাজ আবার শুরু হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা যায়, গত বছর এপ্রিল মাসে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে চ্যানেলটির খননকাজ শুরু হলেও খনন করা জায়গা পলি পড়ে আবার ভরাট হতে থাকায় মাস খানেকের মাথায় খননকাজ বন্ধ হয়ে যায়। এক বছর পর ১৭ এপ্রিল থেকে পুনর্খননের কাজ শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাশুকুল আলম বলেন, দুটি ড্রেজার দিয়ে খননকাজ শুরু হয়েছে। মংলায় কুমারখালী নদীতে ২৮ মার্চ থেকে এবং রামপালে ১৭ এপ্রিল থেকে কাজ চলছে।বিআইডব্লিউটিএর খুলনার ঊর্ধ্বতন উপপরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ) এ কে এম শাহজাহান হোসেন বলেন, খননের মাধ্যমে চ্যানেলটির গভীরতা বৃদ্ধির ফলে নৌ চলাচল স্বাভাবিক হয়ে আসবে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।