মংলা-ঘসিয়াখালি খালে অজস্র অবৈধ বাঁধ ও ঘের
সুন্দরবনের শ্যালা নদীর বিকল্প নৌপথ মংলা-ঘষিয়াখালীর দুই পাশে ১ হাজার ৮২টি বাঁধ দিয়ে গড়ে তোলা হয়েছে সহস্রাধিক চিংড়িঘের। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় লালিত স্থানীয় প্রভাবশালীদের তৈরি এসব অবৈধ বাঁধ ও চিংড়িঘেরের কারণে ওই খালের পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে খালে কয়েকটি স্থানে পলি জমেছে।
গতকাল বুধবার নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ‘মংলা-ঘষিয়াখালী নৌপথ স্থায়ী না হলে সুন্দরবনের ধ্বংস অনিবার্য’ শীর্ষক অনুষ্ঠানের মূল বক্তব্যে এসব তথ্য তুলে ধরা হয়। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত ওই সভায় বক্তারা সুন্দরবনের বিকল্প পথ মংলা-ঘষিয়াখালী খালকে নৌ-চলাচলের স্থায়ী পথ হিসেবে চালু রাখার দাবি জানিয়ে বলেন, এ জন্য ওই খালগুলো অবমুক্ত করতে হবে। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আশীষ কুমার দে।
পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, এ মুহূর্তে সুন্দরবনের রক্ষাকবচ মংলা-ঘষিয়াখালী চ্যানেল। এই নৌপথ স্থায়ীভাবে চালু করতে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। দ্রুত ফয়লা হাট স্লুইসগেট অপসারণসহ পাউবোর সব বিতর্কিত প্রকল্প বাতিলেরও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিলের দাবি জানান।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা হাসান তারিক চৌধুরী বলেন, সরকারি খালে শত শত অবৈধ বাঁধ দিয়ে গড়ে তোলা চিংড়িঘেরের মালিকেরা কী এতই প্রভাবশালী যে, তাঁদের উচ্ছেদ করা যাচ্ছে না?
জাতীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ নুরুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক পরিচালক এমদাদুল হক বাদশা, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির উপদেষ্টা হাজি মোহাম্মদ শহীদ, সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান ও পিসের মহাসচিব ইফমা হুসেইন।