মংলা বন্দর পুনঃখনন হয়নি আট বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের পশুর চ্যানেলে গত আট বছরেও পুনঃখননকাজ (ড্রেজিং) হয়নি। এ কারণে ৮ থেকে ৮ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজ বন্দর জেটিতে ভিড়তে পারছে না।জেটি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পশুর নদের জয়মণিরগোল ও হারবারিয়া এলাকায় দেশি-বিদেশি জাহাজ নোঙর করে পণ্য খালাস ও বোঝাই করতে বাধ্য হচ্ছে। ফলে আমদানিকারক ও রপ্তানিকারককে পণ্য পরিবহনে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ চারবার দরপত্র আহ্বান করেও ড্রেজিং শুরু করতে না পারায় চরম হতাশা ব্যক্ত করেছেন বন্দর ব্যবহারকারীরা।সর্বশেষ ২০০৩ সালে পশুর চ্যানেলে ৪২ কোটি টাকা ব্যয়ে ৩০ লাখ ঘনমিটার পলি অপসারণ করা হয়। তখন ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান যৌথভাবে ড্রেজিং করে।মংলা বন্দর হারবার সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের প্রবেশমুখ থেকে বন্দরের জেটি পর্যন্ত চ্যানেলের দৈর্ঘ্য ১৩১ কিলোমিটার। এই চ্যানেলের বেশ কয়েকটি স্থানে অস্বাভাবিকভাবে পলি জমে নাব্যতা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।বন্দরের যাত্রা শুরু হয় ১৯৫০ সালে। তখন মংলা ও পশুর নদের সংযোগস্থলে গভীরতা ছিল ২০ মিটার। ক্রমে নাব্যতা হ্রাস পেয়ে বর্তমানে আট মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারে না। বন্দরের প্রবেশদ্বার থেকে পশুর নদের হারবারিয়া এলাকা পর্যন্ত আসতেও বিদেশি জাহাজগুলোকে বন্দর কর্তৃপক্ষের নিয়োজিত নাবিকদের সহযোগিতা নিতে হয়।মংলা বন্দর প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, বন্দরের পশুর চ্যানেলের হারবারিয়া এলাকায় নাব্যতা বাড়াতে ‘মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবারিয়া এলাকায় ড্রেজিং’ প্রকল্প গত বছরের ২৩ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদিত হয়। ১০০ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে ৪১ দশমিক ৯৬ লাখ ঘনমিটার পলি অপসারণের লক্ষ্যে এই প্রকল্প প্রণয়ন করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর দরপত্র আহ্বান করা হয়। চীনের দুটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। কিন্তু প্রতিষ্ঠান দুটি কারিগরিভাবে স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় দরপত্র বাতিল করা হয়। পুনরায় দরপত্র আহ্বান করা হয় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। এ দফায় চীনের একটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। কিন্তু প্রতিষ্ঠানটি প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয়ের ১১৮ শতাংশ বেশি দর প্রস্তাব করে। তাই এ দরপত্রটিও বাতিল হয়। তৃতীয়বার দরপত্র আহ্বান করা হয় গত ২৬ মে। এবার তিনটি প্রতিষ্ঠানের মধ্যে যে প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দর দাখিল করে, সেটির প্রস্তাবিত অর্থও প্রাক্কলিত ব্যয়ের ৩৩ শতাংশ বেশি। তাই এ দরপত্রটিও বাতিল করা হয়। চতুর্থবারের মতো দরপত্র আহ্বান করা হয় ২০ সেপ্টেম্বর। এবারও মাত্র একটি প্রতিষ্ঠান (চীনের) প্রায় ৪২ শতাংশ বেশি দর প্রস্তাব করে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বন্দর কর্তৃপক্ষ এবারের দরপত্রও বাতিল করে।নাম প্রকাশ না করার শর্তে মংলা বন্দরের প্রকৌশল বিভাগের একজন কর্মকর্তা জানান, এ প্রকল্প প্রণয়ন করা হয় ২০০৮ সালে। সেই সময়ের চেয়ে এখন সবকিছুরই দাম বেশি। সবকিছু মিলিয়ে আগের প্রাক্কলিত ব্যয়ে বর্তমানে কাজ করা সম্ভব নয়।মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘প্রথমে খননকাজের জন্য কারিগরি বাধ্যবাধকতা ছিল। সেই বাধ্যবাধকতা আমরা তুলে নিয়েছি। এ ছাড়া প্রাক্কলিত ব্যয়ে কাজটি সম্পাদন করার বাধ্যবাধকতা থাকে। তার পরও সার্বিক ব্যয় বৃদ্ধির বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। ৫ অক্টোবর আমরা পঞ্চমবারের মতো দরপত্র আহ্বান করেছি। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ নভেম্বর। আশা করি, এবার আমরা সফল হব এবং নির্ধারিত সময়ের (২০১৩ সালের ৩০ জুন) মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।’জানতে চাইলে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্যাপ্টেন রফিক প্রথম আলোকে বলেন, বন্দরের কর্মকর্তাদের অদক্ষতার কারণেই বারবার দরপত্র আহ্বান করেও কাজ করানো যাচ্ছে না। একটি বন্দরের মূল চালিকাশক্তি হলো বাণিজ্যিক জাহাজ। নাব্যতাসংকটের কারণে বন্দরের জেটিতে যদি জাহাজ না ভিড়তে পারে, তাহলে সেই বন্দর চলবে কেমন করে? মংলা বন্দর মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, নাব্যতাসংকটের কারণে বড় জাহাজগুলো অনেক দূরে নোঙর করে। তাই পণ্য পরিবহনে অর্থ ও সময় বেশি লাগছে। আবার কনটেইনারবাহী জাহাজগুলো বন্দরের জেটিতে আসতে না পারায় নির্ধারিত সময়ে পণ্য খালাস করতে পারছে না। এতে বন্দরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তাই খনন খুবই জরুরি।