মংলা বন্দর পৌরসভার নির্বাচন ৬ মাস স্থগিত
বাগেরহাট জেলার মংলা বন্দর পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের একটি আদেশের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানোর জন্য আজ মঙ্গলবার কমিশন এ সিদ্ধান্ত নেয়।
বাগেরহাট জেলার নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন মল্লিক বলেন, মংলা বন্দর পৌরসভার ৪নং ওয়ার্ডের ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতের আদেশ পর্যালোচনা করে আইনি জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সংক্রান্ত কয়টি রিট বা এর বাদী কতজন, তা তিনি জানাতে পারেননি। তিনি আরও বলেন, ‘আমরা শুধু নির্বাচন স্থগিতের নির্দেশ পেয়েছি। বাকি তথ্য আমাদের কাছে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।’
মংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, ‘নির্বাচন স্থগিতের খবর আমাদের কাছে এসেছে। এখন থেকে আর কোনো মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে না।’
এ ঘোষণার আগে এই পৌরসভায় মেয়র পদে তিনটি ও কাউন্সিলর পদে ১৮টি মনোনয়নপত্র বিক্রি করা হয়।