মংলা বন্দরে ক্রেন ভেঙে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা সমুদ্রবন্দরে জাহাজ থেকে মাল খালাসের সময় ক্রেনের সিলিং ভেঙে চাপা পড়ে বন্দরের দুই শ্রমিক নিহত হয়েছেন৷ বন্দরের বেজ ক্রিক-৩ এলাকায় পশুর নদে অবস্থানরত এম ভি হ্যান জিং নামে হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজে গতকাল বুধবার সকাল পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে৷
নিহত শ্রিমকেরা হলেন ফোরম্যান মতিন (৫২) ও টালি ক্লার্ক জাকির হোসেন (৩৬)৷ তাঁদের বাড়ি মংলা পৌরসভা এলাকায়৷ ঘটনার পর থেকে জাহাজে মালামাল খালাসের কাজ বন্ধ রয়েছে৷ কারণ অনুসন্ধানে মংলা বন্দর কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে৷
পণ্য খালাসে আমদানিকারক নিয়োজিত স্টিভেডরস নূরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল বলেন, সকালে ১২-১৩ জন শ্রমিক ওই জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু করছিলেন৷ সকাল পৌনে নয়টার দিকে হঠাৎ জাহাজটির একটি ক্রেনের সিলিং ভেঙে পড়ে৷ এতে মতিন ক্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান৷ গুরুতর আহত অবস্থায় জাকিরকে মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়৷
মংলা থানার ওসি বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷