মংলা বন্দরে জাহাজে আগুন অগ্নিদগ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত এমটি জাকাহ নামের তেলবাহী একটি জাহাজে গতকাল শনিবার ভোরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে দুই কর্মচারী আহত হয়েছেন। আগুনে জাহাজের ইঞ্জিনকক্ষসহ পেছনের একাংশ পুড়ে যায়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাজটির মালিক হেকমত ক্যারিয়ারস লিমিটেডের ব্যবস্থাপক জয়নাল আবেদিন জানান, গত শুক্রবার বিকেলে তেলবাহী জাহাজটি খুলনার দৌলতপুর থেকে মংলা বন্দরের সামিট রিফাইনিং তেল কোম্পানিতে তেল নেওয়ার জন্য আসে।
গতকাল ভোর চারটার দিকে ইঞ্জিনকক্ষে বিকট শব্দ হয়ে জাহাজটিতে আগুন ধরে যায়। এ সময় জাহাজে কর্মরত সবাই ঘুমিয়ে ছিলেন। কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে মংলা বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মো. মোসলেম ও মো. সুজন নামে জাহাজের দুই কর্মচারী অগ্নিদগ্ধ হন।