মংলা বন্দরে জাহাজের ক্রেন ভেঙে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা সমুদ্রবন্দরে জাহাজ থেকে মাল খালাস করার সময় ক্রেনের যন্ত্রাশ ভেঙে মালের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

নিহত শ্রমিকেরা হলেন ফোরম্যান মতিন (৫২) ও টালি ক্লার্ক জাকির হোসেন (৩৬)। তাঁদের বাড়ি মংলা পৌরসভা এলাকায়।

আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে বন্দরের বেজ ক্রিক-৩ এলাকায় পশুর নদীতে অবস্থানরত এমভি হ্যান জিং নামে হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জাহাজে মালামাল খালাসের কাজ বন্ধ রয়েছে।

আমদানীকৃত বিভিন্ন যন্ত্রাংশ (মেশিনারি টুলস) নিয়ে জাহাজটি ৮ জুন মংলা বন্দরে আসে। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য মংলা বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এই পণ্য খালাসে নিয়োজিত প্রতিষ্ঠান স্টিভিডরস নূরু অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এইচ এম দুলাল এই প্রতিবেদককে বলেন, সকালে ১২-১৩ জন শ্রমিক ওই জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু করে। সকাল পৌনে নয়টার দিকে আকস্মিক পণ্যবাহী জাহাজটির একটি ক্রেনের সিলিং ভেঙে পড়লে ফোরম্যান মতিন ক্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় জাকিরকে মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে খালাসের কাজ বন্ধ রাখা হয়েছে।

মংলা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. বেলায়েত হোসেন এই প্রতিবেদককে জানান, পুলিশ ঘটনা সম্পর্কে জেনেছে। লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভুইঞা বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। ঘটনাস্থল বন্দরের মূল জেটি থেকে নৌপথে প্রায় ১৩ কিলোমিটার দূরে। পরিস্থিতি জানার জন্য সেখানে লোক পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বন্দরের চেয়ারম্যান অভিযোগ করে বলেন, এত বড় একটি দুর্ঘটনার বিষয়ে বেলা সোয়া ১১টা পর্যন্ত ওই জাহাজে কর্মরত স্টিভিডরসের পক্ষ থেকে ঘটনাটি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়নি।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের এই অভিযোগ প্রসঙ্গে স্টিভিডরস নূরু অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এইচ এম দুলাল বলেন, ‘বন্দর কর্তৃপক্ষকে ঘটনা জানানো একটি রুটিন কাজ। কিন্তু সমস্যা দ্রুত নিরসনে এবং লাশ উদ্ধারের জন্য পুলিশকে ঘটনা সম্পর্কে আগে জানানো মনে করেছি। সেই অনুযায়ী মংলা থানাকে আগে ঘটনা সম্পর্কে জানিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।’