মংলা বন্দরে জাহাজের পণ্য খালাস ও পরিবহন কাজ দুই দিন ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য পরিবহন খরচ বাড়ানোর দাবিতে আঞ্চলিক নৌপরিবহন সমিতি ও খুলনা মেজর কেরিয়ার সমিতির ডাকা ধর্মঘটের কারণে মংলা বন্দরে খাদ্যশস্যবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনকাজ দুই দিন ধরে বন্ধ রয়েছে। বন্দরে বর্তমানে চাল ও গম নিয়ে দুটি বিদেশি জাহাজ অবস্থান করছে। খাদ্য পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এস এম আকবর হোসেন জানান, মংলা বন্দরে জাহাজ থেকে খাদ্যশস্য পরিবহনের কাজ খাদ্য অধিদপ্তরের নিয়োজিত নৌযান ঠিকাদাররা করেন। ২০০৫ সালে খাদ্য অধিদপ্তর দরপত্রের মাধ্যমে প্রায় ১০০ জন ঠিকাদার নিয়োগ দেয়। কিন্তু ছয় বছর ধরে পরিবহন মূল্য বৃদ্ধি না করে তারা তিন মাস পর পর মেয়াদ বৃদ্ধি করে ঠিকাদারদের দিয়ে খাদ্যশস্য পরিবহন করছে। তিনি আরও বলেন, গত ২৭ অক্টোবর ঠিকাদাররা খাদ্য অধিদপ্তরে নতুন করে দরপত্র দাখিল করেন। এ দরপত্রে ঠিকাদাররা পরিবহন মূল্য বৃদ্ধি করার প্রস্তাব করে। কিন্তু খাদ্য অধিদপ্তর সেই দরপত্র কার্যকর বা বাতিল কোনোটাই করছে না। এ অবস্থায় তারা ছয় বছর আগের দরে পরিবহন ঠিকাদারদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে খুলনা মেজর কেরিয়ার সমিতি ও আঞ্চলিক খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি যৌথভাবে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়। পরে পরিবহন ঠিকাদাররা গত রোববার সকাল থেকে মংলা বন্দরে খাদ্যবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহন কাজ বন্ধ করে দেয়। মংলা বন্দরের চলাচল ও সংরক্ষণ বিভাগের সহকারী নিয়ন্ত্রক এ এস এম রেজ্জাকুল হায়দার জানান, ‘বিষয়টি খাদ্য অধিদপ্তরের ঢাকা কার্যালয় নিয়ন্ত্রণ করে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’