মংলা বন্দরে ডুবোচরে আটকে পড়া বিদেশি জাহাজ উদ্ধার
বাগেরহাটের মংলা বন্দরের প্রবেশমুখে বন্দর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকার ডুবোচরে আটকে পড়া সারবাহী বিদেশি জাহাজটি গত শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, বিসিআইসির আমদানি করা ১৯ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে কোরিয়ান পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি ওশান স্টার মংলা বন্দরে ঢোকার পথে গত বুধবার বেলা ১১টার দিকে ফেয়ারওয়ের ১২ নম্বর বয়াসংলগ্ন এলাকায় ডুবোচরে আটকে যায়।
জাহাজের পিঅ্যান্ডআই (ওয়েস্ট অব ইংল্যান্ড) ক্লাবের প্রতিনিধি ও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্যাপ্টেন রফিকুল ইসলাম বলেন, ‘প্রবল স্রোতে জাহাজটি ডুবোচরে আটকে যায়। আমরা লাইটার জাহাজে করে প্রায় এক হাজার ২০০ মেট্রিক টন সার খালাসের পর জাহাজটিকে হাল্কা করে শুক্রবার গভীর রাতে মুক্ত করে বন্দর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় এনে নোঙর করাই। জাহাজটি এখন ঝুঁকিমুক্ত। এতে অবস্থানরত ১৮ জন নাবিকও সুস্থ রয়েছেন।’