মংলা বন্দরের ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে—এমন গুজবে ফুঁসে উঠেছে মংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘ। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে ওই সংঘের সহস্রাধিক কর্মচারী ১৭ অক্টোবর থেকে গতকাল বুধবার পর্যন্ত (সরকারি ছুটি বাদে) টানা আন্দোলন করে আসছেন। এই সাত দিন বিকেলে কর্মচারীরা বন্দরের ফটকে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন। সংঘের নেতা-কর্মীরা বলেন, কোনোভাবেই বন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না। মংলা বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দর বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সরকারি সিদ্ধান্ত হয়নি। বিদেশি একটি কোম্পানির প্রস্তাব তাঁরা যাচাই-বাছাই করছেন।বন্দরের একটি সূত্র জানায়, ১৩ অক্টোবর খুলনার সার্কিট হাউসে মংলা বন্দরসংক্রান্ত উপদেষ্টা কমিটির ত্রৈমাসিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সেখানে উপস্থিত ছিলেন। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে দেওয়া পোর্ট ইভালুয়েশন ম্যানেজমেন্ট নামের ইংল্যান্ডের একটি বেসরকারি কোম্পানির প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রস্তাবটি হচ্ছে, ৬০ বছরের মেয়াদে যৌথ পরিচালনায় বন্দর ব্যবহার। প্রস্তাবের শর্তে রয়েছে, মংলা বন্দর তাদের ব্যবহার করতে দিলে মোট লাভের ৮৫ শতাংশ ওই কোম্পানির ও বাকি ১৫ শতাংশ বাংলাদেশ পাবে।১৩ জুলাই পাঠানো ওই প্রস্তাবটির কপি এ মাসেই নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে আসে। এরপর মন্ত্রী শাজাহান খান সেই চিঠি মংলা বন্দরের চেয়ারম্যানের কাছে দিয়ে বিষয়টি পর্যালোচনা করে মতামত দিতে বলেন। খবরটি বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। ১৭ অক্টোবর থেকে এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশ করছেন।মংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের (সিবিএ) সভাপতি সাইজুদ্দিন মিয়া বলেন, বন্দরটি বেসরকারি খাতে চলে গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। কোনোভাবেই বন্দর বেসরকারি খাতে ছেড়ে দেওয়া চলবে না। এ চুক্তি থেকে সরকার সরে না এলে তাঁরা আন্দোলন করে মংলা বন্দর অচল করে দেওয়ার হুমকি দেন।মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইংল্যান্ডের ওই কোম্পানি দুই বছর আগে যৌথ ব্যবস্থাপনায় বন্দর উন্নয়নের জন্য কাজের প্রস্তাব দিয়েছিল। সর্বশেষ ১৩ অক্টোবর তাদের একটি চিঠি মন্ত্রী মহোদয় আমাদের দিয়েছেন। আমরা যাচাই-বাছাই করছি।’ তিনি বলেন, বর্তমানে মংলা বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান। গত অর্থবছরে বন্দর প্রায় এক কোটি টাকা লাভ করেছে। দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, কর্মচারীদের স্বার্থ বিকিয়ে দিয়ে এই সরকার কখনোই বন্দর বিদেশিদের হাতে তুলে দেবে না। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।