মংলা বন্দরে বেপরোয়া চোরাচালানি চক্র
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলায় চোরাচালানি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। মংলা শহরতলির কানাইনগরের বাইদ্যাপাড়াকেন্দ্রিক এই চক্রটি বন্দরে আসা বিভিন্ন জাহাজ থেকে মাদকসহ নানা ধরনের পণ্য চোরাচালানের মাধ্যমে নামিয়ে আনছে। গত ৬ অক্টোবর বিদেশি জাহাজ থেকে পাচার করে আনা ৩০০ বোতল বিয়ারসহ এই চক্রের একটি ট্রলার আটক করে পুলিশ। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত একজনকে আটক করতে পেরেছে।স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শহরতলির মংলা-জয়মনী সড়কের কানাইনগরের বাইদ্যাপাড়ায় বসবাসকারীদের একটি উল্লেখযোগ্য অংশ চোরাচালানে জড়িত। তারা নৌকা ও ট্রলারে করে জাহাজে গিয়ে বিদেশি নাবিক বা ক্রুদের সঙ্গে আঁতাত করে অবৈধভাবে জাহাজ থেকে পণ্য পাচার করে স্থানীয় বাজারে সরবরাহ করে। অনেক সময় চোরাচালানের আড়ালে তারা সুযোগ বুঝে জাহাজের নাবিকদের অস্ত্রের মুখে জিম্মি করে অথবা জাহাজ থেকে মালামাল নিয়ে নদীতে ঝাঁপ দেয়। বিদেশি মুদ্রা বহন অবৈধ হলেও এই চক্রের সদস্যরা জাহাজে গিয়ে বিদেশি মুদ্রায় পণ্য কেনে।সূত্র আরও জানায়, বাইদ্যাপাড়ার ক্যাপ্টেন দুলাল, এনসার, পিঞ্জিরা কালাম, মেম্বর জাকির, ইদ্রিস, আ. হাই নোনা, বাবুল, মজিদ, ওসমান, কুদ্দুস, সিদ্দিকের নেতৃত্বে কয়েকটি চক্র গড়ে উঠেছে। ক্ষমতাসীন দলের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই চক্রগুলো তাদের অবৈধ কারবার চালাচ্ছে। প্রভাবশালী ওই মহলের এজেন্টের কাছ থেকে দাদন নিয়ে চক্রটি চোরাকারবার করছে।বন্দর সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর ভোরে বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে নদীপথে পাচারকালে বিদেশি বিয়ারের একটি বড় চালান আটক করে পুলিশ। শহরতলির কানাইনগরের বাইদ্যাপাড়ার ক্যাপ্টেন দুলাল ও এনসার চক্রের পাচার করা ৩০০ বোতল বিয়ারের ওই চালানটি পশুর নদীর চিলা বাজারসংলগ্ন এলাকা থেকে পুলিশ আটক করে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করতে পেরেছে। এর আগে গত ৯ আগস্ট একটি বিদেশি জাহাজ থেকে এই চক্র পাঁচ লাখ টাকা মূল্যের ১৭টি মূল্যবান লবণ প্রতিরোধক জিংক প্লেট চুরি করে। জুলাইয়ে আরও একটি বিদেশি জাহাজ থেকে নয়টি জিংক প্লেট চুরির ঘটনা ঘটে।মংলা থানার উপপরিদর্শক মো. শাহ আলম বিদেশি জাহাজে চোরাচালানের কথা নিশ্চিত করে জানান, জাহাজ থেকে বিয়ার পাচার মামলার আসামিদের ধরাসহ চোরাচালান দমনে পুলিশ তৎপর। তিনি বলেন, জাহাজ থেকে বিভিন্ন পণ্য পাচারে দেশি চক্রের সঙ্গে বিদেশি জাহাজের ক্রুও অনেক সময় জড়িত থাকেন। কোস্টগার্ডের পশ্চিম জোনের ভারপ্রাপ্ত অপারেশন কর্মকর্তা লে. বদরুদ্দোজা জানান, চোরাচালান দমনে কোস্টগার্ড সব সময় সক্রিয়।