মংলা বন্দরে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াইফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরে গতকাল শনিবার দুপুরে ব্রডব্যান্ড ইন্টারনেট, ওয়াইফাই এবং ভিডিও কনফারেন্সিংয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান। এ সময় তিনি বলেন, অগ্রাধিকারভিত্তিতে সরকার মংলা বন্দরের উন্নয়ন, রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও মংলা-খুলনা রেলপথ নির্মাণের কাজ করছে। এ ছাড়া খানজাহান আলী বিমানবন্দরের কাজ চলছে, যা যথাসময়ে শেষ করা হবে বলে জানান তিনি।
পরে বন্দরের সম্মেলনকক্ষে বন্দর পরিচালনা-সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ শিপিং করপোরেশন ও মেরিন একাডেমির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মসিউর রহমান। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেক, নৌপরিবহনসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূইয়াসহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মসিউর রহমান আরও বলেন, বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ছয়-আট বছরের মধ্যে ২৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্যুতের চাহিদা পূরণের প্রধান উৎসে পরিণত হবে। এতে এ অঞ্চলে শিল্প, কলকারখানা ও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।