মংলা বন্দরে মামলার ফাঁদে দুটি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় অবস্থানরত দুটি বিদেশি জাহাজের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ে চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠান মামলা করেছে। জাহাজ দুটিকে পাওনা পরিশোধ না করা পর্যন্ত মংলা বন্দরে আটকের আদেশ দিয়েছেন আদালত। দুটি জাহাজ মামলার ফাঁদে পড়ায় বন্দরের ওপর বাড়তি চাপ পড়েছে।
মংলা বন্দরের হারবার বিভাগ সূত্রে জানা যায়, কুক আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি মিলিমাস গত ১০ অক্টোবর ও লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি এশিয়ান প্রোপার্টি ১৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর থেকে মংলা বন্দরের হারবারিয়া এলাকায় নোঙর করে। এর আগে চট্টগ্রাম বন্দরে থাকা অবস্থায় চট্টগ্রামের ফ্রেন্ডস মাল্টি ট্রেড শিপিং কোম্পানি এমভি মিলিমাসের জন্য গত ২১ এপ্রিল ৪০ ড্রাম লুব অয়েল (তেল), ৮০ মেট্রিক টন ডিজেল ও ২০০ মেট্রিক টন ফার্নেশ অয়েল সরবরাহ করে। কিন্তু ওই জ্বালানির টাকা পরিশোধ না করায় গত ১৩ অক্টোবর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষে নাজমুল ইসলাম উচ্চ আদালতে একটি মামলা করেন। জানা যায়, এমভি মিলিমাসের কাছে কোম্পানির দুই লাখ ১৪ হাজার ৫৭২ মার্কিন ডলার পাওনা আছে।
অন্যদিকে এমভি এশিয়ান প্রোপার্টি জাহাজের বিরুদ্ধে মামলা করেছে নোবেল এন্টারপ্রাইজ নামে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। খাদ্য ও পণ্য সরবরাহে বকেয়া ১৩ লাখ টাকা পরিশোধের দাবিতে ১৩ অক্টোবর উচ্চ আদালতে এ মামলাটি করা হয়। আদালত জাহাজ দুটিকে মংলা বন্দরে আটকে রাখার আদেশ দেন।
বন্দরের হারবার মাস্টার কমান্ডার আক্তারুজ্জামান বলেন, এমভি মিলিমাসের বিরুদ্ধে দায়ের করা মামলার আদেশ বুধবার পেলেও এমভি এশিয়ান প্রোপার্টির বিরুদ্ধে দায়ের করা মামলার ব্যাপারে শুক্রবার বিকেল পর্যন্ত তিনি কোনো লিখিত আদেশ পাননি। এ ছাড়া হারবাড়িয়া এলাকায় আটটি জাহাজ নোঙর করার ক্ষমতা আছে। মামলার পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত জাহাজ দুটি এখানে থাকলে বাড়তি চাপ পড়বে।
মংলা বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু এন্ড সন্সের স্বত্বাধিকারী এইচ এম দুলাল বলেন, বন্দরে এসে কোনো জাহাজ মামলায় পড়লে বন্দর সম্পর্কে জাহাজ মালিকদের নেতিবাচক ধারণা হতে পারে।
বন্দরের চেয়ারম্যান কমোডোর হাবিবুর রহমান ভুঁইয়া বলেন, মামলার সঙ্গে বন্দরের কোনো সম্পৃক্ততা নেই। চট্টগ্রাম বন্দরে থাকতে এ মামলা হওয়া উচিত ছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উচিত ছিল জাহাজগুলোর দেনা-পাওনা পরিশোধ করার পর বন্দর ত্যাগ করার অনুমতি দেওয়া। এতে মংলা বন্দরের সুনাম কিছুটা হলেও ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।