মংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মধ্যাহ্নভোজে পাঁচ হাজার লোকের জন্য ১১ লাখ টাকা বরাদ্দ করেছে বন্দর কর্তৃপক্ষ।
নিজ তহবিল থেকে মধ্যাহ্নভোজের বরাদ্দ দিলেও অনুষ্ঠানের অন্য খরচ কোন উৎস থেকে মেটানো হবে, তা নিয়ে কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি। প্রতিষ্ঠাবার্ষিকীতে এত বড় আয়োজন যুক্তিসংগত কি না এবং এতে করে বন্দরের সুনাম কতটুকু বাড়বে, এ নিয়ে প্রশ্ন তুলেছে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থা।
মংলা বন্দর সূত্রে জানা যায়, ১৯৫০ সালের ১ ডিসেম্বর মংলা বন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সেই থেকে বন্দর কর্তৃপক্ষ ১ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে। মংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাকরুরজামান জানান, বন্দরের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। এরপর দুপুর ১২টা থেকে মধ্যাহ্নভোজ শুরু হবে। এতে প্রায় পাঁচ হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বেলা সাড়ে তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বন্দরের পরিচালক (অপারেশন) আলতাফ হোসেন বলেন, ‘অন্যবারের তুলনায় আমাদের এবারের আয়োজন একটু ব্যাপক। এবার আমরা বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিদের সপিরবারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছি। মধ্যাহ্নভোজের জন্য বন্দর কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে ১১ লাখ টাকা বরাদ্দ করেছে।’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, আলোকসজ্জা ও অন্যান্য ব্যয় কোন উৎস থেকে মেটানো হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। চেয়ারম্যান স্যার জানেন।’
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভুইয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বন্দর ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকম প্রণোদনামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বন্দরের বরাদ্দ রয়েছে। সেখান থেকেই অনুষ্ঠানের ব্যয় বহন করা হবে। অনুষ্ঠানে কত টাকা ব্যয় করা হবে, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্যাপ্টেন রফিক বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অবশ্যই আয়োজন করা উচিত। তবে নিজস্ব তহবিল থেকে এত ব্যয় করে অনুষ্ঠান করার মতো অবস্থায় আমরা আছি কি না, তা বিবেচনা করা উচিত। আর অর্থের উৎসের বিষয়টিও স্বচ্ছ রাখা উচিত।’