মংলা বন্দরের ১৬টি নৌযান চলাচলের অনুপযোগী
দীর্ঘদিন সংস্কার না করায় বাগেরহাটের মংলা বন্দরের ২৯টি নৌযানের মধ্যে ১৬টিই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এগুলোর মধ্যে চার-পাঁচটির অবস্থা খুবই খারাপ। এতে জীবনের ঝুঁকি নিয়ে এসব নৌযানের কর্মকর্তা-কর্মচারীদের নদীতে চলাচল করতে হচ্ছে।বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ সূত্রে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষের অধীনে ২৫টি বোট ও চারটি পানিবহনকারী বার্জ রয়েছে। এসব নৌযানের অধিকাংশই ৩০ বছরের পুরোনো। এ ছাড়া এ বন্দর প্রতিষ্ঠার সময় (১৯৫০ সাল) থেকে তিনটি বোট আছে। নৌযানগুলোর মেয়াদ ছিল ২০ বছর। মেয়াদ শেষ হওয়ার ১০ বছর পার হয়ে গেলেও চলছে জোড়াতালি দিয়ে। পাঁচ বছরে দুবার নৌযানগুলোর বডি মেরামত বা সংস্কার এবং ডকিং (স্থলভাগে নিয়ে সংস্কার) করার নিয়ম। কিন্তু ১৮ বছরেও এসব নৌযানের বডি মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।বন্দর সূত্রে জানা গেছে, ২৯টির মধ্যে অর্ধেকের বেশি নৌযান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে সারথী-১, মেঘদূত ও বলাকা নামের নৌযানগুলো যেকোনো সময় নদীতে ডুবে যেতে পারে। মতি, উষা, রুহি, কপোতী, মহুয়া, কান্তি, নিরপাকসহ অনেক নৌযানের বডি নষ্ট হয়ে গেছে।গত ৩০ আগস্ট ভোররাতে তলা ফেটে বন্দর কর্তৃপক্ষের বোট এম এল চালনা পাইলট-১ নদীতে ডুবে যায়। সে সময় নৌযানে অবস্থানরত কর্মচারীরা সাঁতরে কূলে ওঠে জীবন রক্ষা করেন। এর আগে ১৯ মে বন্দর এম টি উষা নামের আরও একটির তলা ফেটে মংলা বন্দর চ্যানেলের হিরণ পয়েন্টের অদূরে নীলকমল খালের মুখে ডুবে যায়।নাম প্রকাশ না করার শর্তে নৌযানের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, জরাজীর্ণ নৌযানে জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের চলাচলসহ অবস্থান করতে হয়। এসব নৌযান রক্ষণাবেক্ষণ করতে গিয়ে অনেক কর্মচারী আহতও হয়েছেন। ইতিপূর্বে বেশ কয়েকটি নৌযান ডুবে গেলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (নৌ) আলতাফ হোসেন জানান, নৌযানগুলো সংস্কারের জন্য পর্যাপ্ত তহবিল নেই। তার পরও মেরামত করে এগুলো দিয়েই কাজ চালানো হচ্ছে। তবে শিগগিরই নৌযানগুলোর বডি মেরামতের ব্যবস্থা হচ্ছে এবং আরও দুটি কেনার প্রক্রিয়া চলছে।