মংলা শহরে বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা বন্দর পৌরসভায় গত রোববার থেকে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের দুটি মোটর নষ্ট হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। মংলা বন্দর পৌরসভা সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে মংলা শহরতলির মাছমারা এলাকায় পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পটি চালু করা হয়। প্রকল্পটি চালু হওয়ার পর এ পর্যন্ত হাজার খানেক গ্রাহক পাইপলাইনের মাধ্যমে সংযোগ নিয়েছে। পৌর কর্তৃপক্ষ সকালে ও বিকেলে এক ঘণ্টা করে পানি সরবরাহ করে আসছিল। ৫ সেপ্টেম্বর প্রকল্পের দুটি মোটরের একটি নষ্ট হয়ে গেলে পৌর কর্তৃপক্ষ দুই বেলার পরিবর্তে এক বেলা করে পানি সরবরাহ করত। গত রোববার অন্য মোটরটিও নষ্ট হয়ে যায়। এ অবস্থায় পুরো পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে আবাসিক এলাকার বাসিন্দাসহ হোটেল, রেস্তোরাঁ, ক্লিনিক, হাসপাতালে থাকা মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে।মংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান বলেন, ‘বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকে বৃষ্টির পানি ব্যবহার করলেও অধিকাংশ পৌরবাসীকেই বাধ্য হয়ে পুকুরের নোংরা পানি ব্যবহার করতে হচ্ছে।’ পৌরসভার ভারপ্রাপ্ত প্যানেল মেয়র আলাউদ্দিন জানান, দুটি মোটর নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। তিন-চার দিনের মধ্যে মোটর মেরামত করে পানি সরবরাহ চালু করা সম্ভব হবে।