মংলা শহরে ১৪টি বহুতল ভবনের অনুমোদননেই
বন্দর কর্তৃপক্ষের নিয়ম লঙ্ঘন করে মংলা বন্দর পৌরসভায় ১৪টি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন দোতলা পর্যন্ত নির্মাণের অনুমোদন থাকলেও অবৈধভাবে এর ১০টি তিনতলা, দুটি চারতলা ও দুইটি পাঁচতলা পর্যন্ত করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিকস) কাওসার আলী জানান, মংলা শহরের ১৪টি ভবনই বন্দর কর্তৃপক্ষের নিয়ম লঙ্ঘন করে নির্মাণ করা হয়েছে। ইমারত নির্মাণের নিয়ম না মানায় ও মাটি পরীক্ষার প্রতিবেদন ছাড়া নির্মাণ করায় অধিকাংশ বহুতল ভবন এখন ঝুঁকিতে রয়েছে। এ কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, এসব ভবনের মধ্যে সিঙ্গাপুর হোটেল, স্টার টেইলার্সসহ আরও দু-তিনটি ভবনে ইতিমধ্যে ছোট ছোট ফাটল দেখা দিয়েছে। তবে ভবন মালিকেরা ফাটলগুলো রং করে ঢেকে দিয়েছেন। সবচেয়ে খারাপ অবস্থা মংলা শহরের তাজমহল রোডের সুদি কাঞ্চনের ভবনটির। পুরো ভবনে অসংখ্য ফাটল রয়েছে।
জানা গেছে, এ ভবনটি এক তলার অনুমোদন নিয়ে তাতে তিনতলা পর্যন্ত নির্মাণ করা হয়। এ ভবনের সামনের কিছু অংশ ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় পৌর কর্তৃপক্ষ এ ভবনের একতলা রেখে ওপরের দুটি তলা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।
একইভাবে শহরের প্রাণকেন্দ্র চৌধুরীর মোড়ে বন্দর কর্তৃপক্ষ থেকে ওহাব চৌধুরীর নামে বরাদ্দ প্লটে দোতলা ভবন নির্মাণের অনুমতি থাকলেও সেখানে চারতলা ভবন করা হয়েছে। এই ভবনের দুই ও তিনতলায় বাংলাদেশ ইসলামী ব্যাংক মংলা শাখার কার্যক্রম চলছে এবং ছাদের ওপরে মোবাইল কোম্পানির বিশাল টাওয়ার বসানো হয়েছে।
জানা যায়, ২০০৮ সালে ঝুঁকিপূর্ণ এ ভবনের পাশের রাস্তা প্রায় এক ফুট দেবে যায়। ভবনের মালিক ওই স্থানটি ঢালাই দিয়ে মেরামত করে। এ ছাড়া শহরের দুটি আবাসিক হোটেলসহ আরও ১১টি ভবনেরও একই অবস্থা।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী রতন কুমার মণ্ডল বলেন, ‘সব কটি ভবনই ঝুঁকিপূর্ণ। আমরা শিগগিরই পৌরসভার পক্ষ থেকে এসব অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবনের মালিকদের তালিকা করে নোটিশ করব।’ ভবন মালিকদের মধ্যে আবু তৈয়ব, হাবিবুর রহমান, সুদি কাঞ্চনসহ কয়েকজন দাবি করেন, তাঁদের ভবনে কোনো সমস্যা নেই। বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা অনুমতি নেননি ঠিকই কিন্তু পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়েছেন। বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জায়গা ইজারা নিয়ে কীভাবে তাঁরা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ভবন নির্মাণের অনুমোদন নিলেন এমন প্রশ্নের সদুত্তর তাঁরা দিতে পারেননি।
মংলা বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখার উপব্যবস্থাপক ওহিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, লোনা পানির কারণে এখানে দোতলার ওপরে কোনো ভবন করার অনুমতি দেওয়া হয়নি। ঝুঁকিপূর্ণ এসব ভবনের মালিক বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমোদনও নেননি। তাঁদের বিরুদ্ধে নোটিশ জারি করা হবে। এরপর বন্দর কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।