মিথ্যা ঘোষণা দিয়ে মংলা সমুদ্রবন্দর পথে প্রায় সাড়ে চার কোটি টাকা দামের ২৪ হাজার ২৪০ বোতল বিদেশি মদ চোরাচালান মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। মংলা শুল্ক ভবনের তৎকালীন কমিশনার মো. নূরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে এই অভিযোগপত্র দিয়েছে পুলিশ।বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইমান উদ্দিনের দেওয়া অভিযোগপত্রটি গতকাল বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (মংলা) রাফিয়া ইসলামের আদালতে উপস্থাপন করা হয়। এ বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি শুনানি হবে। অভিযোগপত্রে অপর চার আসামি হলেন: ওই পণ্যের আমদানিকারীপ্রতিষ্ঠান মিডিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবির, মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ, ওই পণ্যের চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স প্রফেসী শিপিং লাইনসের স্বত্বাধিকারী জুলফিকার মালেক ও ব্যবস্থাপক মো. আবদুর রাজ্জাক। তাঁদের মধ্যে মো. আবুল কালাম আজাদ পলাতক এবং অন্যরা জামিনে রয়েছেন। পুলিশ জানায়, অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে একই ঘটনায় দুর্নীতি প্রতিরোধ আইনে খুলনার খালিশপুর ও মানি লন্ডারিং আইনে মংলা থানায় আরও দুটি পৃথক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্ত কর্মকর্তা মো. ইমান উদ্দিন জানান, ২০০৯ সালের ২২ ওই ঘটনায় মংলা শুল্ক ভবনের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির ২০১০ সালের ৪ জানুয়ারি মংলা থানায় ওই চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।