মংলা স্বাস্থ্য কমপ্লেেক্সর নয়টি আবাসিক ভবনই ঝুঁকিপূর্ণ
বাগেরহাটের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের পর গত ১৬ বছরেও চিকিৎসকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত নয়টি আবাসিক ভবনের কোনোটিই সংস্কার করা হয়নি৷
বর্তমানে সবগুলো ভবনই ঝঁুকিপূর্ণ হয়ে পড়েছে৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানোর পরও তারা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে৷ এ অবস্থায় সম্প্রতি একটি আবাসিক ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে৷
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে ৩১ শয্যার (বর্তমানে ৫০ শয্যা) এই চিকিৎসাপ্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়৷ আবাসিক চিকিৎসকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য এর সীমানাপ্রাচীরের ভেতরই নয়টি দোতলা ভবন নির্মাণ করা হয়৷
উপজেলাটি লবণ-পানি অধ্যুষিত এলাকা হওয়ায় এসব ভবন দুই থেকে তিন বছর পর পর সংস্কারের প্রয়োজন হলেও নির্মাণের পর দুবার রং করা ছাড়া সংস্কারের আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি৷ বর্তমানে এ ভবনগুলোতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের নয়টি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৬ মে ‘বনফুল’ নামে চিকিৎসকদের একটি আবাসিক ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে৷
সরেজমিনে ৮ মে দেখা যায়, ওই ভবনের ছাদসহ বাইরের বিভিন্ন অংশে বড় বড় ফাটল৷ বাকি ভবনগুলোরও একই অবস্থা৷ প্রতিটি ভবনেরই ছাদের পলেস্তারা কমবেশি খসে পড়েছে৷ ভবনের বাইরে-ভেতরে বড় বড় ফাটল। সাতটি ভবনের দোতলায় কেউ ভয়ে বসবাস করেন না।
ডা. মাকসুদা খানম বলেন, ‘পরিবার-পরিজন নিয়ে এভাবে জীবনের ঝঁুকি নিয়ে থাকা সম্ভব না।’
পাশের আরেকটি ভবনে বসবাসকারী স্বাস্থ্যকেন্দ্রের আয়া সালেহা খাতুন বলেন, তাঁদের ভবনের পলেস্তারাও মাঝেমধ্যে খসে পড়ে। দেয়ালের ফাটল দিয়ে বৃষ্টির পানি পড়ে৷ ১৬ বছর ধরে তিনি ওই ভবনে বাস করছেন৷ আক্ষেপ করে বলেন, ‘বহুবার কর্তৃপক্ষকে জানিয়ে কোনো প্রতিকার পাইনি৷ উপায় না থাকায় বাধ্য হয়ে এখানে থাকি৷’
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা তরুণ কান্তি মণ্ডল বলেন, ‘প্রতি ছয় মাস পর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে পরিস্থিতি জানাই৷ কিন্তু¦প্রতিকার পাচ্ছি না। এবারও বনফুল ভবনের ঘটনাটি জানিয়েছি। দেখা যাক কর্তৃপক্ষ কী করে।’
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাগেরহাটের সহকারী প্রকৌশলী গণেশ চন্দ্র সিনহা মুঠোফোনে বলেন, ‘গত অর্থবছরই ভবনগুলো সংস্কারে আমরা বরাদ্দ চেয়েছিলাম। না পাওয়ায় কাজ করতে পারিনি৷’