মংলায় ভবন ধসে আহত শ্রমিকের মৃত্যু
বাগেরহাটের মংলায় গত বৃহস্পতিবার সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট কারখানার নির্মাণাধীন ভবন ধসে আহত শ্রমিক শাহ আলী ওরফে শিহাব (৫০) গতকাল সোমবার রাতে মারা গেছেন। গতকাল গভীর রাতে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ পর্যন্ত ভবন ধসে নিহত মানুষের সংখ্যা দাঁড়াল আটে।
শাহ আলী ওরফে শিহাব বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের মোকসেদ আলীর ছেলে।
দুর্ঘটনায় আহত লোকজনকে উদ্ধার করে মংলা বন্দর হাসপাতাল, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে যাঁদের অবস্থা গুরুতর ছিল, তাঁদের উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম আজ মঙ্গলবার দুপুরে বলেন, মংলায় সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট কারখানার নির্মাণাধীন ভবন ধসে আহত ৩২ জন শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে পাঠানো হয়। ওই পাঁচজনের মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার শাহ আলী ওরফে শিহাব নামের এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১২টার দিকে মারা যান।
এদিকে, ভবনের নিচে চাপা পড়ে নিহত অজ্ঞাতনামা এক শ্রমিকের নাম-পরিচয় পাওয়া গেছে। আজ মঙ্গলবার তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি হলেন নোয়াখালীর সদর উপজেলার ব্রহ্মপুর গ্রামের নুর মোহম্মদ (২৫)।
মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি জানান, আজ দুপুরে নিহত নুর মোহাম্মদের স্ত্রী আয়েশা বেগম হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট কারখানার চার তলার সমান উঁচু নির্মাণাধীন ভবন ধসে পড়ে।