মংলায় ভবনধসে হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি
মংলায় ভবনধসে নিহত ও আহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খুলনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠশিল্প শ্রমিক ফেডারেশন।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরের পিকচার প্যালেস মোড়ে আয়োজিত এ সমাবেশ থেকে ২০০৬ সালের শ্রম আইন সংশোধনের দাবিও জানানো হয়।
সমাবেশে বলা হয়, ২০০৬ সালের শ্রম আইনে কর্মরত অবস্থায় আহত শ্রমিকদের ১ লাখ ও নিহত শ্রমিকদের ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার বিধান রয়েছে। ক্ষতিপূরণের এই বিধান কোনোভাবেই শ্রমবান্ধব নয়। তাঁরা বলেন, আইন অনুসারে যে টাকা পাওয়ার কথা, সেটিও পান না শ্রমিকেরা। তাই ওই আইন সংশোধন করে মংলায় ভবনধসে নিহত শ্রমিকদের ১০ লাখ ও আহত শ্রমিকদের ৮ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা।
গত ১২ মার্চ মংলায় সেনাকল্যাণ সংস্থার নির্মাণাধীন একটি ভবন ধসে আটজন শ্রমিক নিহত হন। আহত হন আরও ৫০ জন। সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করে বলেন, ওই দুর্ঘটনায় শ্রমিকদের যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তা পর্যাপ্ত নয়।