মংলায় ভবনধসের কারণ অনুসন্ধানে কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে দুটি তদন্ত কমিটি। গত শনিবার সকাল থেকে সেনা কল্যাণ সংস্থার চার সদস্যের তদন্ত দল ও সরকার গঠিত নয় সদস্যের পৃথক দল এই কাজ শুরু করে।
সাত কার্যদিবসের মধ্যে তদন্ত দলগুলোর প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে ওই ধসের ঘটনায় মংলা থানা-পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও সাবঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে।
সরকারি তদন্ত দলের প্রধান ও খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ও আলোকচিত্র গ্রহণ করেছি। শনিবার আমরা মংলা ও রামপাল হাসপাতালে এবং রোববার খুলনা মেডিকেলে চিকিৎসাধীন শ্রমিকদের জবানবন্দি গ্রহণ করেছি।’
অন্যদিকে, মংলা সিমেন্ট কারখানার উপমহাপরিচালক (ডিডিজি) সৈয়দ হেলাল হোসেন জানান, ব্রিগেডিয়ার জেনারেল মো. সিদ্দিকুল আলম শিকদারকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিও শনিবার থেকে কাজ শুরু করেছে। ১৭ মার্চ কমিটি প্রতিবেদন জমা দেবে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, চীনা ঠিকাদার প্রতিষ্ঠান সিএনবিএম ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ও সাবঠিকাদার বাংলাদেশ আইটিসিএলের কতিপয় কর্মকর্তাকে আসামি করে পুলিশ শনিবার একটি মামলা করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গত বৃহস্পতিবার দুপুরে ওই সিমেন্ট ফ্যাক্টরির ভবনের ছাদ ঢালাইয়ের সময় তা ধসে পড়ে ৭ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছিলেন।