মংলায় ভেসে গেছে ঘের সিরাজগঞ্জে বাঁধে ধস
বাগেরহাটের মংলা উপজেলায় টানা তিন দিনের বৃষ্টিতে বেশির ভাগ চিংড়িঘের ও পুকুর ভেসে গেছে। অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। যমুনা নদীর তীব্র স্রোতে সিরাজগঞ্জ শহরের মোল্লাবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ধসে গেছে। নদীর পানি বাড়ায় জেলার বিভিন্ন চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে সিরাজগঞ্জ শহরের মোল্লাবাড়ি এলাকায় গত রোববার পাউবোর ক্রস বাঁধ ধসে গেছে। জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
পাউবো সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। রোববার বিকেলে মোল্লাবাড়ি এলাকায় পাউবোর ক্রস বাঁধের ৫০ মিটার অংশ ধসে গেছে। এর আগে ১৩ জুলাই এই বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ধসে যায়। পাউবো বালুর বস্তা ফেলে গতকাল সোমবার ধস নিয়ন্ত্রণে এনেছে।
পানি বাড়ায় জেলার শাহজাদপুর, চৌহালী, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার নিম্নাঞ্চলসহ কাজীপুর ও সদর উপজেলার চরাঞ্চলের গ্রামগুলো দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পাউবোর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল জানান, নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হওয়ায় ক্রস বাঁধের অংশবিশেষ দ্বিতীয় দফায় ধসে গেছে। ধস নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মংলা (বাগেরহাট): বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পূর্ণিমার প্রভাবে বাগেরহাটের মংলা উপজেলায় গত রোববার মধ্যরাত পর্যন্ত টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলার অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গিয়েছে। বেশির ভাগ চিংড়িঘের ও পুকুর পানিতে ভেসে গেছে।
আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী গত তিন দিনে মংলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭০ মিলিমিটার। এর মধ্যে শুধু রোববারই ১৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের হিসাবমতে, ২৬ জুলাই দুপুর থেকে ২৮ জুলাই মধ্যরাত পর্যন্ত বৃষ্টিতে মংলার মিঠেখালী, সাহেবের মেঠ, চাঁদপাই, ঠোটারডাঙ্গা, জয়খা, বাঁশতলা, চিলা, হলদিবুনিয়াসহ আশপাশের এলাকার প্রায় ছয় হাজার চিংড়িঘেরের মধ্যে বেশির ভাগই ভেসে গেছে।
সরেজমিন মিঠেখালী, সুন্দরবন, চাঁদপাই, চিলা, সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, অবিরাম বর্ষণে বেশির ভাগ চিংড়িঘের ও পুকুর পানিতে ভেসে গেছে। বাড়িঘর হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। অনেকে চুলায় রান্না করতে পারছেন না। গবাদিপশু, হাঁস-মুরগি নিয়ে সমস্যায় পড়েছে লোকজন।
মিঠেখালী গ্রামের হোসনে আরা জানান, টানা তিন দিনের বৃষ্টিতে ঘের এবং পুকুর তো ভেসে গেছেই, বেশির ভাগ বাড়ির উঠান ও রান্নাঘরে পানি জমে আছে।
কানাইনগর গ্রামের চিংড়িচাষি সুরজিৎ রায়, বাঁশতলা গ্রামের সোহরাব শেখ, জয়খা গ্রামের শেখ ইয়াহিয়াসহ বেশ কয়েকজন চিংড়িচাষি জানান, উপজেলার শতকরা ৯০ ভাগ ঘেরই ভেসে গেছে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, টানা তিন দিনের বৃষ্টিতে এ এলাকার সাধারণ মানুষের খুব খারাপ অবস্থা। বেশির ভাগ চিংড়িঘের ও পুকুর কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।