বাগেরহাটের মংলা উপজেলার দুই ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের সরকারনির্ধারিত মজুরি না দেওয়া, অনেকের অজান্তে টাকা তুলে নেওয়া, টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গত মঙ্গলবার জানা গেছে, চিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়মনির খাঁপাড়া জেসিসি রাস্তা হয়ে সরকারি পুকুর পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কারের কাজ পান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম। এ কাজে প্রতিদিন ৪৫ জন শ্রমিককে জনপ্রতি ১৭৫ টাকা মজুরি দিয়ে কাজ করানোর কথা। কিন্তু তিনি প্রথম দফায় মাত্র ৩০ জনকে দিয়ে নয় দিনের কাজ করিয়ে ৪৫ জনের নামে ১০ দিনের টাকা তোলেন। আর শ্রমিকদের ১৫০ টাকা করে মজুরি দেন। বাকি টাকা ওই সদস্য আত্মসাৎ করেছেন বলে শ্রমিকেরা অভিযোগ করেন। তবে নজরুল ইসলাম বলেন, খরচ-খরচার জন্য কিছু টাকা নেওয়া হয়েছে।একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জোড়া ব্রিজ এলাকায় রাস্তা সংস্কারে জন্য ৩০ জনকে দিয়ে কাজ করিয়ে ৪৫ জনের মজুরি তোলেন ইউপি সদস্য খবির ও নারী সদস্য হাওয়া বেগম। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, ওই সদস্যরা এ টাকা আত্মসাৎ করেছেন। শ্রমিকেরা আরও অভিযোগ করেন, ১১ দিনের কাজ করিয়ে ১৭৫ টাকার স্থলে ১৫০ টাকা করে নয় দিনের মজুরি দেওয়া হয়েছে। বাকি টাকা চাইলে আর কাজে নেওয়া হবে না বলে হুমকিও দেন ইউপি সদস্যরা।শ্রমিকদের অভিযোগের বিষয় অস্বীকার করে খবির বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ হাওয়া বেগম বলেন, ১১ দিনের কাজ করিয়ে ৯ দিনের নয়, টাকা দেওয়া হয়েছে ১০ দিনের।কাজ না করিয়ে টাকা আত্মসাতের অভিযোগে চিলা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল শেখের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে।মিঠেখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সোহরাব গাজীর বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট ওয়ার্ডের এক নারী সদস্য অভিযোগ করেন, ২ নম্বর ওয়ার্ডে দত্তেরমঠ রাস্তার সংস্কারকাজে নির্ধারিত শ্রমিকের সংখ্যা ২৮। কিন্ত কাজ শুরুর ১০ দিন পার হলেও কাজ করছেন ২৫ জন। দৈনিক ১৭৫ টাকা করে বাকি তিনজনের টাকা তুলে নিচ্ছেন ওই সদস্য। এ ছাড়া বিভিন্ন দিন যেসব শ্রমিক অনুপস্থিত থাকেন, তাঁদের টাকাও তিনি তুলে নেন। তবে সোহরাব গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ওয়ার্ডের কাজে কোনো সমস্যা নেই।’মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ‘এ রকম কিছু বিচ্ছিন্ন অভিযোগের কথা আমি শুনেছি। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’লিখিত অভিযোগমংলা প্রতিনিধি আরও জানান, ভুয়া নাম ও স্বাক্ষর ব্যবহার করে কাবিখা প্রকল্পের টাকা আত্মসাত, ভিজিএফ কার্ড ও চাল বিতরণে অনিয়ম এবং বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণের নামে একেকজনের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মিঠেখালী ইউনিয়নের নারী সদস্য রীনা পারভীনের বিরুদ্ধে ইউএনওর কাছে এ অভিযোগ করেছেন ইউপির সাতজন সদস্য ও সাবেক দুই সদস্য। ইউএনও এ ব্যাপারে জানান, অভিযোগের তদন্ত চলছে। প্রমাণিত হলে ওই সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।