মংলার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার কুমারখালী নদীতে নাব্যতাসংকটের কারণে মংলার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের নৌযোগাযোগ চার দিন ধরে বন্ধ রয়েছে। নদীর বিভিন্ন স্থানে পণ্যবাহী শতাধিক বার্জ, কার্গো ও কোস্টার অপেক্ষায় রয়েছে ভরা জোয়ারের। আটকে পড়া এসব নৌযানের মালিক প্রতিদিন সাত হাজার থেকে ১৫ হাজার টাকার আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। ভারত, খুলনা, নওয়াপাড়া ও মংলা বন্দর থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে নৌপথে পণ্য পরিবহনে এটিই একমাত্র পথ।খোঁজ নিয়ে জানা গেছে, চার-পাঁচ বছর ধরে নদীতে নাব্যতাসংকট চলছে। এর মধ্যে মংলা থেকে উত্তরমুখী প্রায় ১২ কিলোমিটার এলাকার অবস্থা বেশি খারাপ। বর্ষাকালে এই নদীতে ১৫-১৬ ফুট পানি থাকলেও শুকনো মৌসুমে ভাটির সময় তিন থেকে চার ফুট পানি থাকে। ভুক্তভোগী ব্যক্তিরা জানান, ভরা জোয়ারের সময় নদীতে সর্বোচ্চ সাত থেকে আট ফুট পানি থাকে। ফলে প্রতিদিনের জোয়ারে ছোট ও হালকা নৌযান চলাচল করতে পারলেও তুলনামূলক বড় ও পণ্যবোঝাই নৌযান চলাচল করতে পারছে না। এ জন্য পূর্ণিমা ও অমাবস্যা তিথির ভরা জোয়ার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবুল কাশেম জানান, মংলার উলুবুনিয়া থেকে রামপালের রণজয়পুর পর্যন্ত এলাকায় শতাধিক বার্জ, কার্গো, কোস্টার ও তেলবাহী ট্যাংকার আটকা পড়ে আছে। আগামী ৪ মার্চের আগে এসব নৌযান গন্তব্যের উদ্দেশে রওনা হতে পারবে না। তিনি আরও জানান, প্রতিদিন এই পথে দুই শতাধিক পণ্যবাহী নৌযান চলাচল করে। এর মধ্যে বাংলাদেশ ও ভারতে চলাচল করে অর্ধশতাধিক নৌযান।বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজি বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, নাব্যতাসংকটের কারণে গত বৃহস্পতিবার থেকে ভারত, খুলনা, নওয়াপাড়া ও মংলা থেকে পণ্যবাহী নৌযান দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে চলাচল করতে পারছে না। গত চার দিনে শতাধিক নৌযান মংলায় আটকা পড়েছে। ফলে এসব নৌযানের প্রত্যেক মালিককে প্রতিদিন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।বিআইডব্লিউটিএ খুলনার উপপরিচালক এ কে এম শাজাহান হোসেন জানান, কুমারখালী নদীতে চার-পাঁচ বছর ধরে নাব্যতাসংকট প্রকট হয়েছে। গত বৃহস্পতিবার থেকে পানিস্বল্পতার কারণে এই পথে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ভরা জোয়ার হলে তখন আবার নৌযান চলাচল কিছুদিন স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাশুকুল আলম বলেন, কুমারখালী নদীর ২৫ কিলোমিটারের মধ্যে প্রায় ১২ কিলোমিটার এলাকার নাব্যতাসংকট প্রকট আকার ধারণ করেছে। ২০১০ সালে এই নদীর রামপাল এলাকায় দুই কিলোমিটার ড্রেজিং করা হলেও কোনো সুফল আসেনি। দ্রুত পলি পড়ে নদীর তলদেশ আবার ভরাট হয়ে গেছে। পরে বিশেষজ্ঞদের পরামর্শে সেখানে ড্রেজিংয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়। নতুন করে ড্রেজিং করার কৌশল ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞপর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।