মংলায় আ.লীগ নেতার হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী উপজেলার মাদুরপাল্টা গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরদারকে (৬৫) শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। গত সোমবার মংলা পৌরসভার শ্রমিক কলোনির সামনে এই ঘটনা ঘটে। চেয়ারম্যান ইদ্রিস আলী নিজেও একজন মুক্তিযোদ্ধা।মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরদার বলেন, সোমবার বেলা তিনটার দিকে তিনি মংলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বের হয়ে শ্রমিক কলোনির সামনে পৌঁছালে চেয়ারম্যান ইদ্রিস আলী মোটরসাইকেল থামিয়ে পায়ের জুতা খুলে তাঁকে পেটান। এ সময় চেয়ারম্যান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন ও এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। তিনি বলেন, তাঁকে এভাবে লাঞ্ছিত করার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না।বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ আবদুল জলিল বলেন, জাহাঙ্গীর সরদার ঘটনাটি জানিয়েছেন। তাঁকে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। সংসদের জেলা কমান্ডার এলাকায় নেই। লিখিত অভিযোগ পাওয়া গেলে এবং কমান্ডার এলাকায় ফিরলে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, ‘জাহাঙ্গীর আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আপত্তিকর ও অপমানজনক কথা বলে আসছেন। আমার কাছে তার প্রমাণ আছে। সোমবার আমি জাহাঙ্গীরকে রাস্তায় দেখে উত্তেজিত হয়ে জুতা দিয়ে পেটানোর চেষ্টা করলে জাহাঙ্গীর তা হাত দিয়ে ঠেকিয়ে দেয়। আমি তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে বলেছি।’ তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠসন্তান। আমিও একজন মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধা অন্যায় করলে মুক্তিযোদ্ধা হিসেবে আমার অধিকার আছে তাঁকে শাসন করার। অন্য কেউ তাঁকে অপমান করলে আমি তা সহ্য করব না।’ ইদ্রিস আলীর অভিযোগ—১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে রামপালের বকুলতলার সম্মুখযুদ্ধের সময় জাহাঙ্গীর তাঁকে পেছন থেকে গুলি করে হত্যার চেষ্টা করেছিলেন। সেই ঘটনায় তিনি জাহাঙ্গীরকে ক্ষমা করে দিয়েছিলেন।