মংলায় কার্গো জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় সিমেন্টের কাঁচামালবোঝাই (ক্লিংকার) একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল শুক্রবার সকালে মংলা বন্দরের জেটি থেকে ১২ নটিক্যাল মাইল দূরে একটি বিদেশি জাহাজের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল চারটা পর্যন্ত ওই চ্যানেলে জাহাজ চলাচল বন্ধ ছিল।
কার্গো জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান তিতিরপাড়া নেভিগেশন কোম্পানির মালিক বাদশা হাওলাদার জানান, পশুর চ্যানেলের হাড়বাড়িয়ায় অবস্থানরত চীনা পতাকাবাহী এমভি তাইহাইহু জাহাজ থেকে ৬৩০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে কার্গো জাহাজ এমভি হাজেরা-১ গতকাল সকাল ১০টার দিকে খুলনার রূপসা এলাকার সেভেন সার্কেল সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশে যাত্রা করে। জোয়ারের প্রচণ্ড স্রোতের কারণে পশুর চ্যানেলে অবস্থানরত কনটেইনারবাহী একটি বিদেশি জাহাজের সঙ্গে কার্গো জাহাজটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্গো জাহাজটি ডুবে যায়। এতে ওই জাহাজের মাস্টারসহ আট কর্মচারী আহত হয়েছেন।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার খান মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘জাহাজটি বন্দরের মূল চ্যানেলে ডুবে যাওয়ায় ওই চ্যানেল দিয়ে আমরা সাময়িকভাবে সব ধরনের নৌ চলাচল বন্ধ রেখেছিলাম। ডুবে যাওয়া জাহাজটি চিহ্নিত করার জন্য দুপুর থেকে ওই এলাকায় কাজ শুরু করেছে নৌবাহিনী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।